সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে জলমহাল দখলের অভিযোগ
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের শালদিঘা জলমহালটি সাবেক এক ইউপি চেয়ারম্যান অবৈধভাবে দখল করে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে জেলেরা এ ব্যাপারে লিখিত অভিযোগ দিয়েছেন। অবৈধ দখলদারদের উচ্ছেদ ও তাঁদের শাস্তির দাবিতে ওই দিন দুপুরে দেড় শতাধিক জেলে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করেন। উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রের বিবরণ অনুযায়ী, উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের শালদিঘা জলমহালটি দীর্ঘদিন ধরে জেলা প্রশাসন থেকে ইজারা দিয়ে আসছিল। এ জলমহাল নিয়ে আদালতে মামলা থাকায় দুই বছর ধরে এটি ইজারাবিহীন অবস্থায় রয়েছে। এ অবস্থায় এখানকার ১০-১২টি গ্রামের দুই শতাধিক জেলে এ জলমহালে মাছ ধরে জীবিকা নির্বাহ করে আসছেন। দুই সপ্তাহ আগে বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ও দাতিয়াপাড়া গ্রামের বাসিন্দা মো. সাইদুর রহমান ৫০-৬০ জন লোক নিয়ে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে এটি দখল করে নেয়। এর পর থেকে ইউপি চেয়ারম্যানের লোকজন এ জলমহালে নিয়মিত পাহারা বসিয়ে জেলেদের মাছ ধরতে বাধাসহ মারধর করছে। বাট্টা গ্রামের মৎস্যজীবী নৃপেন্দ্র দাস (৪৫), নিশ্চিন্তপুর গ্রামের আপেল মিয়া (২২), হাতপাটন গ্রামের বীরেন্দ্র দাস (৭০) ও বংশীকুন্ডা গ্রামের মনজু মিয়া অভিযোগ জানিয়ে বলেন, ‘সাইদুর চেয়ারম্যান নিজে উপস্থিত থেকে ১৫ দিন আগে ৫০-৬০ জন লোক নিয়ে এ জলমহালটি দখল করে নেয়। ওই বিলে মাছ ধরতে গেলে তাঁর লোকজন আমাদের মারধর করে এবং জাল নিয়ে গেছে। সরকারি খাজনা না দিয়ে সাইদুর চেয়ারম্যান এ বিল থেকে লাখ লাখ টাকা লুটে নেওয়ার অপচেষ্টা চালাচ্ছেন। আমরা বিষয়টি ইউএনওকে জানিয়েছি।’ এ ব্যাপারে সাবেক ইউপি চেয়ারম্যান মো. সাইদুর রহমান বলেন, ‘আমি ও আমার লোকজন জলমহাল দখলে যাওয়ার অভিযোগটি সঠিক নয়। জেলেরা খনা (মশারি) জাল দিয়ে পোনা মাছ নিধন করায় আমরা তাতে বাধা দিচ্ছি। কাউকে মারধর করিনি।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহামঞ্চদ শহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে অভিযোগের সত্যতা পেলে জলমহালের অবৈধ দখলদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’