সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা মামলা!
সোনারগাঁয়ে এক সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। ওই মুক্তিযোদ্ধা চেয়ারম্যান সোনারগাঁ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভাপতি, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক, পুলিশ সুপার, সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যানসহ প্রশাসনের ঊর্ধ্বতন মহলে লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন।অভিযোগ থেকে জানা গেছে, সনমান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেনসহ পাঁচ-ছয়জনের একটি দল একই এলাকার গাংকুলকান্দি গ্রামের মতিউর রহমানের ফতেপুর দড়িকান্দি স্ট্যান্ডের দোকানে গিয়ে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। একপর্যায়ে মুক্তিযোদ্ধা বিল্লাল হোসেন ও তাঁর লোকজন মতিউর রহমানকে এলোপাতাড়ি মারধর করে তাঁর দোকানের ক্যাশবাক্স ভেঙে ৩৫ হাজার টাকা ও মুঠোফোনের সেট লুট করে নিয়ে যান।এ ঘটনায় ফতেপুর দড়িকান্দি স্ট্যান্ডের দোকানদার জিয়ারুল, তাহের আলী ও আল আমিন জানান, ফতেপুর দড়িকান্দি স্ট্যান্ডে মতিউর রহমানের কোনো দোকান নেই। দোকান ভাঙচুর বা চাঁদা দাবির কোনো ঘটনা এ স্ট্যান্ডে গত তিন মাসেও ঘটেনি। এ ছাড়া দোকানদারেরা মামলার বিষয়টি সুষ্ঠু তদন্ত করে সঠিক পদক্ষেপ নেওয়ার জন্য তাঁদের স্বাক্ষরিত একটি আবেদনপত্র উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাগরিকা নাসরিনের কাছে দাখিল করেছেন।ইউএনও সাগরিকা নাসরিন জানান, মুক্তিযোদ্ধার অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হবে।সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন বলেন, ‘সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার জন্য একটি মহল পরিকল্পিতভাবে আমার বিরুদ্ধে হয়রানিমূলক এ মামলা দায়ের করেছে।’সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হারুন অর রশিদ জানান, অভিযোগটির বিষয়ে ব্যাপক তদন্ত চলছে। তবে মনে হচ্ছে, তাঁদের মধ্যে নির্বাচন নিয়ে দ্বন্দ্ব রয়েছে।