সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে স্ত্রীর মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারপিটের অভিযোগে এক ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মশিউর রহমান মৃধার বিরুদ্ধে মামলা হয়েছে। গত রোববার রাতে মশিউর রহমান মৃধার স্ত্রী তাহমিনা আক্তার বাদী হয়ে সদর থানায় মামলাটি করেন।

মশিউর রহমান মৃধা ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়া ইউপির সাবেক চেয়ারম্যান। তিনি জাতীয় পার্টির (জেপি) ভান্ডারিয়া উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, ২০০৭ সালে ভিটাবাড়িয়া গ্রামের মশিউর রহমান মৃধার সঙ্গে পিরোজপুর পৌরসভার মধ্য রাস্তা মহল্লার আসলাম শেখের মেয়ে তাহমিনা আক্তারের বিয়ে হয়। ২০১১ সালে ভিটাবাড়িয়া ইউপি চেয়ারম্যান পদে নির্বাচন করার সময় মশিউর রহমান মৃধা শ্বশুরের কাছ থেকে ১২ লাখ টাকা যৌতুক নেন। ২০১৬ সালে ইউপি নির্বাচনের সময় তিনি পুনরায় স্ত্রীর কাছে যৌতুক দাবি করেন। ওই সময় তাহমিনা আক্তার বাবার বাড়ি থেকে যৌতুক এনে দিতে অস্বীকৃতি জানান। নির্বাচনে মশিউর রহমান মৃধা পরাজিত হন। এরপর থেকে বিভিন্ন সময় তিনি যৌতুকের জন্য স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। গত শনিবার রাতে পিরোজপুর শহরের শিক্ষা অফিস সড়কের ভাড়া বাসায় মশিউর রহমান স্ত্রী তাহমিনার কাছে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করেন। তাহমিনা আক্তার যৌতুকের টাকা বাবার বাড়ি থেকে এনে দিতে অস্বীকৃতি জানালে তাঁকে মারপিট করেন মশিউর। খবর পেয়ে তাহমিনা আক্তারের মা ও আত্মীয়স্বজনেরা তাঁকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করেন। পরদিন রোববার বিকেলে উন্নত চিকিৎসার জন্য তাহমিনাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তিনি ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন রয়েছেন।

মশিউর রহমান মৃধা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘যৌতুকের জন্য মারধরের অভিযোগ ঠিক নয়। ছোটখাটো বিষয় নিয়ে স্ত্রীর সঙ্গে আমার প্রায়ই ঝগড়া হতো।’

মামলার তদন্ত কর্মকর্তা পিরোজপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) ফারুক হোসেন গতকাল সোমবার বিকেলে বলেন, ঘটনার পর আসামি পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।