সাবেক ইউপি সদস্য, কিশোর ও ব্যবসায়ীকে হত্যা
মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী, গাজীপুরের টঙ্গী ও শ্রীপুরে ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত ওয়ার্ডের সাবেক এক সদস্য, এক কিশোর ও এক ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে। তিনটি লাশ গতকাল রোববার উদ্ধার করে পুলিশ।
নিহত ব্যক্তিরা হলেন মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার আবদুল্লাহপুর ইউপির সাবেক সদস্য মাকসুদা বেগম (৪৮), গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সিতাইকুণ্ড গ্রামের নুরুল ইসলামের ছেলে জমি ব্যবসায়ী শাহিন হাওলাদার (৩৫) এবং গাজীপুরের শ্রীপুর উপজেলার ইন্দ্রবপুর গ্রামের আলী হোসেনের ছেলে এনামুল হক (১৪)। প্রতিনিধিদের পাঠানো খবর:
মুন্সিগঞ্জ: সকালে টঙ্গিবাড়ীর আবদুল্লাহপুর ইউনিয়নের পাইপপাড়া এলাকায় ঘরের ভেতর মাকসুদার হাত-পা বাঁধা মৃতদেহ ও তাঁর স্বামী আবেদ আলী সরকার (৫৫) ও নাতি মো. মুজাহিদকে (৯) অচেতন অবস্থায় দেখতে পান স্বজনেরা। খবর পেয়ে পুলিশ এসে তিনজনকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান। মাকসুদার কয়েকজন স্বজন দাবি করেন, বাড়ি থেকে প্রায় দুই লাখ টাকা ও নয় ভরি স্বর্ণালংকার খোয়া গেছে। টাকা ও স্বর্ণালংকার লুটের জন্য দুর্বৃত্তরা হত্যাকাণ্ড ঘটাতে পারে।
টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় নিহত মাকসুদার ছেলে শ্যামল সরকার মামলা করেছেন। জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে।
টঙ্গী (গাজীপুর): টঙ্গীর মধ্য আরিচপুর মধুমিতা রোড এলাকার সিরাজ উদ্দিন জানান, প্রায় ১০ মাস আগে শাহিন হাওলাদার ও এক নারী নিজেদের স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে তাঁর চারতলা ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাট ভাড়া নেন। গত বুধবার সকালে শাহিনের স্ত্রী পরিচয় দেওয়া ওই নারী শেরপুর গ্রামের বাড়ি যাওয়ার কথা বলে তাঁর কাছে ফ্ল্যাটের চাবি জমা দেন। কিন্তু দুই দিন ধরে ওই ফ্ল্যাট থেকে গন্ধ বের হচ্ছিল। গতকাল সকালে তিনি তালা খুলে শোবার ঘরের খাটের ওপর শাহিনের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।
টঙ্গী মডেল থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর গাজী বলেন, শাহিনের স্ত্রী পরিচয় দেওয়া ওই নারী হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারেন। তাঁকে গ্রেপ্তার করলেই রহস্য উদ্ঘাটিত হবে।
গাজীপুর: নিহত এনামুলের বড় ভাই নাজমুল ইসলাম জানান, ১৬ ডিসেম্বর থেকে এনামুল নিখোঁজ হয়। গতকাল বেলা ১১টার দিকে তিনি খবর পান শ্রীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্কের বনের ভেতরে একটি লাশ পাওয়া গেছে। তাঁরা গিয়ে লাশ শনাক্ত করেন।