ইউপি চেয়ারম্যান আক্তারুজ্জামান হত্যাকাণ্ড
সাবেক উপজেলা চেয়ারম্যানসহ ২১ জনের নামে অভিযোগপত্র
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার গৌরীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আক্তারুজ্জামান ওরফে দুলাল হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ২১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।
গত শনিবার বিকেলে মামলার তদন্ত কর্মকর্তা পিরোজপুর সদর সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) মোল্লা আজাদ হোসেন অধিকতর তদন্ত শেষে আদালতে অভিযোগপত্রটি দাখিল করেন।
তবে ভান্ডারিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর দল জাতীয় পার্টি (জেপি) কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মাহিবুল হোসেনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।
নিহত আক্তারুজামান জাতীয় পার্টির (জেপি) কেন্দ্রীয় কমিটির আইনবিষয়ক সম্পাদক এবং ভান্ডারিয়া উপজেলার গৌরীপুর ইউপির চারবার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন।
থানা-পুলিশ ও আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০১২ সালের ১৪ ডিসেম্বর সকালে ইউপি চেয়ারম্যান আক্তারুজ্জামান মোটরসাইকেলে করে বাড়ি থেকে ইউনিয়ন পরিষদে যাওয়ার পথে একদল দুর্বৃত্ত তাঁকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় পরদিন নিহতের ছোট ভাই গৌরীপুর ইউপির বর্তমান চেয়ারম্যান বদিউজ্জামান বাদী হয়ে গৌরীপুর গ্রামের শহিদুল ইসলামকে প্রধান আসামি করে আটজনের নাম উল্লেখ করে থানায় মামলা করেন। মামলাটি প্রথমে ভান্ডারিয়া থানা-পুলিশ তদন্ত করে। এরপর তদন্তভার পান পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ২০১৩ সালের ১০ ডিসেম্বর সিআইডির পিরোজপুর কার্যালয়ের পরিদর্শক এ কে এম মিজানুল হক আটজনের বিরুদ্ধে পিরোজপুর জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে অভিযোগপত্র দেন। মামলার বাদী আদালতে মামলাটির অধিকতর তদন্তের আবেদন করলে আদালতের নির্দেশে মঠবাড়িয়া সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) জি এম আবুল কালাম আজাদ তদন্তভার পান। তিনি ২০১৫ সালের ৩ মার্চ শহিদুল ইসলামকে প্রধান আসামি করে ভান্ডারিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহিবুল হোসেনসহ ১৬ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। এরপর বাদী আদালতে মামলাটির অধিকতর তদন্তের জন্য আবারও আবেদন করলে তদন্তভার পান পিরোজপুর সদর সার্কেলের জ্যেষ্ঠ এএসপি মোল্লা আজাদ হোসেন। গত শনিবার তিনি ২১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। অভিযোগপত্রে ২১ নম্বর আসামি করা হয় ভান্ডারিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহিবুল হোসেনকে।
মাহিবুল হোসেন মুঠোফোনে বলেন, ‘মামলার এজাহারে এবং সিআইডির দেওয়া অভিযোগপত্রে আমার নাম ছিল না। আমাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ মামলায় জড়ানো হয়েছে।’
মামলার তদন্ত কর্মকর্তা জ্যেষ্ঠ এএসপি মোল্লা আজাদ হোসেন গতকাল দুপুরে বলেন, মামলাটি তদন্ত করতে গিয়ে নতুন করে পাঁচজনের বিরুদ্ধে হত্যাকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। তবে সাক্ষ্যে মাহিবুল হোসেনের বিরুদ্ধে হত্যাকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়নি। তারপরও বাধ্যবাধকতার কারণে তার নাম দেওয়া যায়নি।