সাবেক উপপ্রধানমন্ত্রী এম এ মতিন আর নেই
সাবেক উপপ্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয় পার্টির (মতিন) চেয়ারম্যান এম এ মতিন আর নেই। গতকাল বুধবার ভোরে রাজধানীর শান্তিনগরের বাসায় তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর।এম এ মতিনের মৃত্যুতে জাতীয় সংসদের স্পিকার মো. আবদুল হামিদ, বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া পৃথক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন। এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন শোক জানিয়ে বিবৃতি দিয়েছে। তিনি স্ত্রী ও দুই ছেলেসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।গতকাল বারডেম হাসপাতালে প্রথম জানাজা এবং পরে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এম এ মতিনের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এতে সরকারি ও বিরোধী দলের সাংসদেরা অংশ নেন। পরে বারডেমের হিমঘরে তাঁর মরদেহ রাখা হয়। আজ বৃহস্পতিবার সকালে তাঁর মরদেহ সিরাজগঞ্জে নেওয়া হবে। বাদ জোহর শাহজাদপুর সরকারি কলেজ মাঠে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে। বাদ আসর সিরাজগঞ্জ সরকারি কলেজ মাঠে চতুর্থ জানাজা শেষে শহরের রহমতগঞ্জে মায়ের কবরের পাশে তাঁর মরদেহ দাফন করা হবে।এম এ মতিনের জন্ম সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায়। তিনি একজন চক্ষু বিশেষজ্ঞ ছিলেন। শাহজাদপুর থেকে একাধিকবার সাংসদ নির্বাচিত হয়ে প্রথমে জিয়াউর রহমান ও পরে এরশাদ সরকারের মন্ত্রিসভার সদস্য ছিলেন তিনি। দুই সরকারে তিনি স্বরাষ্ট্র, স্বাস্থ্য, যুব ও ক্রীড়া, বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। রাজনীতির বাইরে তিনি বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি বাংলাদেশ চক্ষু চিকিৎসা সমিতির সভাপতি, বিএনএস চক্ষু হাসপাতাল ও নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ ইউনিভার্সিটির অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন।