সাবেক উপমন্ত্রী পিন্টুর পক্ষে তৃতীয় দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন

২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় করা মামলার আসামি সাবেক শিক্ষা উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুর পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন অব্যাহত রয়েছে। মঙ্গলবার তৃতীয় দিনের মতো পিন্টুর পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন তাঁর আইনজীবী রফিকুল ইসলাম। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক শাহেদ নূর উদ্দিন বুধবার সকাল ১০টা পর্যন্ত শুনানি মুলতবি রাখার আদেশ দেন।
যুক্তিতর্কের শুনানির সময় রফিকুল ইসলাম আদালতকে বলেন, ২০০৯ সালের আগ পর্যন্ত আওয়ামী লীগের কোনো নেতা-কর্মী তাঁদের ১৬১ ধারার জবানবন্দিতে পিন্টুর নাম বলেননি। ২০০৯ সালের পর আবদুস সালাম পিন্টুর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য তৈরি করে তাঁকে এ মামলায় জড়ানো হয়েছে।
এর আগে গত সোমবার রফিকুল ইসলাম বলেন, পিন্টুর রাজনৈতিক জীবন ধ্বংস করার জন্য রাজনৈতিক উদ্দেশ্যে এ মামলায় তাঁকে জড়ানো হয়েছে। আবদুস সালামের বিরুদ্ধে কোনো প্রত্যক্ষদর্শী সাক্ষী নেই বলে দাবি করেন তাঁর আইনজীবী রফিকুল ইসলাম। তিনি বলেন, পুলিশ এ মামলায় যে তদন্ত প্রতিবেদন দিয়েছে, তা বানোয়াট, ভিত্তিহীন এবং তাতে সত্যের প্রতিফলন ঘটেনি।
সাবেক উপমন্ত্রী আবদুস সালাম কোনো ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ছিলেন না বলে আদালতের কাছে দাবি করেন আইনজীবী রফিকুল।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করছেন সরকারি কৌঁসুলি সৈয়দ রেজাউর রহমান। পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডে পুরোনো কেন্দ্রীয় কারাগারের পাশে স্থাপিত বিশেষ এজলাসে এ মামলার বিচারকাজ চলছে।
আদালত সূত্র বলছে, সাবেক শিক্ষা উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুর যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলে বাকি থাকবে একজনের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করার। তিনি হলেন মামলার অন্যতম আসামি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। যুক্তিতর্ক শেষ হলে মামলাটি রায়ের জন্য দিন ঠিক করবেন আদালত।
বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের আমলে ২০০৪ সালের ২১ আগস্ট বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে ভয়ংকর গ্রেনেড হামলা চালানো হয়। ওই হামলায় আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক আইভি রহমানসহ ২২ জন নিহত হন। গুরুতর আহত হন শেখ হাসিনাসহ আওয়ামী লীগের কয়েক শ নেতা-কর্মী। তাঁদের অনেকে আজও শরীরে গ্রেনেডের স্প্লিন্টার নিয়ে জীবন যাপন করছেন।
বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলেই এ-সংক্রান্ত হত্যা ও বিস্ফোরক মামলা দুটির বিচার শুরু হয়। ৬১ জনের সাক্ষ্য নেওয়ার পর ২০০৯ সালে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার এসে এর অধিকতর তদন্ত করে। এরপর বিএনপির নেতা তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, হারিছ চৌধুরী, জামায়াতের নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদসহ ৩০ জনকে নতুন করে আসামি করে ২০১১ সালের ৩ জুলাই সম্পূরক অভিযোগপত্র দেয় সিআইডি। এরপর দুই অভিযোগপত্রের মোট ৫২ আসামির মধ্যে তারেক রহমানসহ ১৮ জনকে পলাতক দেখিয়ে বিচার শুরু হয়। অন্য মামলায় তিন আসামির মৃত্যুদণ্ড কার্যকর হওয়ায় বর্তমানে আসামির সংখ্যা ৪৯। পলাতক আসামিদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা হয়েছে। জামিনে আটজন এবং কারাগারে রয়েছেন ২৩ জন।