প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের চাষাঢ়ায় আওয়ামী লীগের কার্যালয়ে বোমা হামলার মামলায় সাবেক উপমন্ত্রী বিএনপির নেতা আবদুস সালাম পিন্টুসহ তিনজনকে গতকাল সোমবার জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। অন্য দুজন হলেন ঢাকার ৫৩ নম্বর ওয়ার্ড কমিশনার ও বিএনপির নেতা আরিফুল ইসলাম এবং নারায়ণগঞ্জ শহর স্বেচ্ছাসেবক দলের শাহাদাৎ উল্লাহ। আদালত সূত্র জানায়, দুপুরের দিকে তিন আসামিকে নারায়ণগঞ্জের বিচারিক হাকিম আমিনুল ইসলামের আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত সবাইকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। এ সময় আদালতপাড়ায় কড়া নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। সাবেক উপমন্ত্রী পিন্টু অসুস্থ থাকায় তাঁর আইনজীবী বারী ভূঁইয়ার আবেদনের ভিত্তিতে আদালত কারাবিধি অনুযায়ী পিন্টুকে চিকিৎসার ব্যবস্থা করতে নারায়ণগঞ্জের কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেন।