১ কোটি ৮৮ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদ বিবরণীতে প্রায় সাড়ে ৩৮ লাখ টাকার তথ্য গোপন করায় একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গত মঙ্গলবার রাতে দুদক চট্টগ্রামের সহকারী পরিচালক মো. মনিরুজ্জামান বাদী হয়ে নগরের ডবলমুরিং থানায় মামলা করেন।
আসামির নাম দিলরুবা খানম। তাঁর স্বামীর নাম আবু মো. নুরুল ইসলাম। তিনি উপসচিব ছিলেন।
দুদক চট্টগ্রামের সহকারী পরিচালক মো. মনিরুজ্জামান বলেন, অবৈধ সম্পদ অর্জনের তথ্য পেয়ে ২০১৪ সালে দুদক দিলরুবা খানম ও তাঁর স্বামীকে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ দেয়। সম্পদ বিবরণী দাখিলের পর দেখা গেছে, স্বামীর নামে তেমন কোনো সম্পদ নেই। কিন্তু স্ত্রীর নামে চট্টগ্রাম নগরে একটি পাঁচতলা বাড়ি আছে। দিলরুবা খানম ওই বাড়ির মূল্য দেড় কোটি টাকা উল্লেখ করেছেন। কিন্তু গণপূর্তের প্রকৌশলীরা হিসাব করে দেখেছেন, ওই বাড়ির মূল্য জমিসহ কমপক্ষে ১ কোটি ৮৮ লাখ টাকা। তিনি ওই বাড়ি অর্জনের কোনো বৈধ উৎসও দেখাতে পারেননি। এ কারণে তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে।