
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রতিষ্ঠাতা উপাচার্য ভাষাসংগ্রামী ড. ছদরুদ্দিন আহমদ চৌধুরী (৮৬) আর নেই। গতকাল শনিবার বিকেলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, পদার্থবিজ্ঞানী ছদরুদ্দিন আহমদ চৌধুরী দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকার ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় গতকাল বেলা সাড়ে তিনটায় তাঁর মৃত্যু হয়। আজ রোববার সকাল ১০টায় শাহজালাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, শাহজালাল (রহ.)-এর দরগায় সাড়ে ১০টায় এবং গ্রামের বাড়ি ফুলবাড়ির বড় মোকাম মসজিদে বাদ জোহর জানাজা শেষে তাঁর মরদেহ সেখানেই দাফন করা হবে।
অধ্যাপক ছদরুদ্দিন ১৯৮৯ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত শাবিপ্রবির প্রতিষ্ঠাকালীন উপাচার্য হিসেবে দায়িত্ব পালনের পর অবসরে যান। ‘হিউম্যান ইনসুলিন’ তাঁর মৌলিক আবিষ্কার। তিনি বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেটের সভাপতি ছিলেন।