চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও সিন্ডিকেটের বর্তমান সদস্য আবদুল মান্নানকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেছে ছাত্রলীগের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা। একই সঙ্গে তাঁকে সিন্ডিকেট পর্ষদ থেকে অব্যাহতি দেওয়ার দাবি জানিয়েছেন সংগঠনটির নেতা-কর্মীরা।১ আগস্ট প্রথম আলোয় অধ্যাপক আবদুল মান্নানের নিবন্ধ প্রকাশিত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগ গতকাল বৃহস্পতিবার সমাবেশ ও সংবাদ সম্মেলন করে এসব দাবি জানায়। ওই নিবন্ধে তিনি ছাত্রলীগের সাম্প্রতিক কার্যক্রম তুলে ধরেন।ওই নিবন্ধের বিভিন্ন অংশকে মিথ্যা ও ভ্রান্তিমূলক অভিহিত করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ গতকাল দুপুরে রাজনৈতিক নিষেধাজ্ঞা উপেক্ষা করে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বর থেকে শুরু হয়ে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে বক্তারা বলেন, ১ আগস্ট প্রথম আলোয় প্রকাশিত আবদুল মান্নানের নিবন্ধে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কার্যক্রম-সম্পর্কিত যেসব তথ্য উল্লেখ করা হয়েছে, তার কোনো সত্যতা নেই। ছাত্রলীগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোনো ধরনের টেন্ডারবাজি, চাঁদাবাজি ও হোটেলে ফাও খাওয়ার সঙ্গে জড়িত নয়। শ্রদ্ধেয় শিক্ষক আবদুল মান্নানকে এসব অভিযোগের সত্যতা প্রমাণ করতে হবে। নইলে তাঁকে ছাত্রলীগের কাছে দুঃখ প্রকাশ করতে হবে। দুঃখ প্রকাশ না করা পর্যন্ত অধ্যাপক আবদুল মান্নানকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হলো।সমাবেশ শেষে চাকসু ভবনে সাংবাদিক সমিতির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ছাত্রলীগের নেতারা একই দাবি জানান।এদিকে সিন্ডিকেট পর্ষদ থেকে অধ্যাপক আবদুল মান্নানকে অব্যাহতি দিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ারুল আজিমের কাছে দাবি জানিয়েছে ছাত্রলীগ।এ প্রসঙ্গে উপাচার্য আনোয়ারুল আজিম বলেন, ‘ছাত্রলীগের নেতা-কর্মীরা আমার সঙ্গে দেখা করে অধ্যাপক আবদুল মান্নানকে সিন্ডিকেট পর্ষদ থেকে অব্যাহতি দেওয়ার দাবি জানিয়েছেন।’প্রসঙ্গত, অধ্যাপক আবদুল মান্নান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট পর্ষদে রাষ্ট্রপতি মনোনীত সদস্য।