সাবেক উপাচার্যকে প্রধান অতিথি করায় কালো পতাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সমঞ্চান) প্রথমবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে সাবেক উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবিরকে প্রধান অতিথি করায় কালো পতাকা উত্তোলন করেছে শিক্ষক মঞ্চ। গতকাল বুধবার নতুনদের বরণ করে নিতে প্রবেশিকা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গতকাল বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে প্রবেশিকা অনুষ্ঠান চলাকালে সকাল সাড়ে ১০টার দিকে শহীদ মিনারের পাদদেশে এ কর্মসূচি পালন করেন শিক্ষকেরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রবেশিকা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শরীফ এনামুল কবির শিক্ষার্থীদের উচ্চতর শিক্ষালাভ ও গবেষণার পাশাপাশি নিজেকে জাতির অন্যতম যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম বলেন, শিক্ষার্থীদের কেবল পরিশ্রমই যথেষ্ট নয়, প্রয়োজন সচেতন ও দায়িত্বশীল আচরণ। বিভিন্ন অনুষদের ডিন ও ইনস্টিটিউটের পরিচালকেরা নিজেদের শিক্ষার্থীদের বরণ করেন। পরে উপাচার্য নবাগতদের শপথবাক্য পাঠ করান।
এদিকে শহীদ মিনারের পাদদেশে শিক্ষক মঞ্চের প্রতিবাদে উপস্থিত ছিলেন সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক নাসিম আখতার হোসাইন, অধ্যাপক নইম সুলতান, দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক রায়হান রাইন, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মোহা. মুজিবুর রহমান, ইতিহাস বিভাগের অধ্যাপক এ টি এম আতিকুর রহমান এবং নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক মো. আমিনুল ইসলাম।
শরীফ এনামুল কবিরকে প্রবেশিকা অনুষ্ঠানে প্রধান অতিথি করায় সমালোচনা করে অধ্যাপক নাসিম আখতার হোসাইন বলেন, দুর্নীতি, অনিয়ম এবং স্বেচ্ছাচারী কর্মকাণ্ডের কারণে সরকার একসময় তাঁকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদ থেকে সরিয়ে নিয়েছিল। কিন্তু বর্তমান প্রশাসনের মাধ্যমে তিনি আবার ফিরে এসেছেন। এর মাধ্যমে নতুন শিক্ষার্থীদের সামনে একজন বিতর্কিত ব্যক্তিকে তুলে ধরা হচ্ছে।