সাবেক এক যুগ্ম সচিবের নিজেকে মুক্তিযোদ্ধা দাবি করা নিয়ে বিতর্ক
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব আবুল কালাম আজাদ নিজেকে মুক্তিযোদ্ধা দাবি করে তালিকাভুক্তির জন্য আবেদন করায় শুরু হয়েছে বিতর্ক। ভুয়া মুক্তিযোদ্ধা আখ্যা দিয়ে তালিকায় তাঁর নাম অন্তর্ভুক্ত না করতে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটিতে তাঁর বিরুদ্ধে লিখিত অভিযোগ করা হয়েছে। নওগাঁর বদলগাছি উপজেলার কেশাইল গ্রামের কয়েকজন ১৩ ফেব্রুয়ারি এ অভিযোগ করেন।
অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব আবুল কালাম আজাদ একই গ্রামের মৃত আবদুল হাইয়ের ছেলে।
অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন বদলগাছি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সচিব হুসাইন শওকত। তিনি গত সোমবার বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব আবুল কালাম আজাদকে ‘ভুয়া মুক্তিযোদ্ধা’ আখ্যা দিয়ে তাঁর নামে লিখিত অভিযোগ পাওয়া গেছে। মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ের দিনে অভিযোগটি উপস্থাপন করা হবে।
৪ জন মুক্তিযোদ্ধাসহ ২২ জনের স্বাক্ষর-সংবলিত ওই অভিযোগে বলা হয়, ‘আবুল কালাম আজাদকে আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ বা মুক্তিযুদ্ধবিষয়ক কোনো কর্মকাণ্ডে দেখিনি। আমরা এমন জালিয়াতি মেনে নিতে না পেরে তাঁর নাম অন্তর্ভুক্ত না করার আবেদন করছি।’
তবে অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব আবুল কালাম আজাদ বলেন, ‘আমি মুজিব বাহিনীর সদস্য ছিলাম। মুজিব বাহিনীর সদস্য বলে মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির জন্য আবেদন করেছি। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে।’