সাবেক এডিসি আবু জাফরকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রথম আলোর বক্তব্য
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের তথ্যের ভিত্তিতে গত বৃহস্পতিবার প্রথম আলোর অনলাইন সংস্করণ এবং পরদিন ছাপা পত্রিকায় প্রকাশিত ‘অসদাচরণের জন্য মুন্সিগঞ্জের সাবেক এডিসির সাজা’ শীর্ষক প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছেন সাবেক এডিসি আবু জাফর রাশেদের স্ত্রী বিলকিছ ওয়াজি ঝিনুক।
শুক্রবার এক প্রতিবাদপত্রে বলা হয়, আবু জাফর রাশেদ মুন্সিগঞ্জে এডিসির দায়িত্ব পালনকালে তাঁর উপস্থিতিতে ও প্ররোচনায় তাঁর দ্বিতীয় স্ত্রী ভুয়া সাংবাদিক সেজে মুন্সিগঞ্জের তৎকালীন জেলা প্রশাসককে বিব্রত ও বিপদে ফেলতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব এবং ঢাকার বিভাগীয় কমিশনারকে টেলিফোন করে মিথ্যা তথ্য দেওয়ার যে অভিযোগ আনা হয়েছে, তা মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।
২০১৮ সালের ৩ নভেম্বর জেলহত্যা দিবসে মুন্সিগঞ্জ জেলা প্রশাসন সব ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার অভিষেক অনুষ্ঠানের আয়োজন করেছে বলে আবু জাফরের দ্বিতীয় স্ত্রী ওই টেলিফোন করেছিলেন উল্লেখ করে এই সরকারি কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয় জনপ্রশাসন মন্ত্রণালয়।
আবু জাফরের বিরুদ্ধে ব্যবস্থার প্রক্রিয়া নিয়ে প্রশাসনিক ট্রাইব্যুনালে মামলা করা হয়েছে এবং আদালত জনপ্রশাসন মন্ত্রণালয়কে কারণ দর্শাতে বলেছেন বলেও প্রতিবাদপত্রে উল্লেখ করা হয়। তাতে বলা হয়, শোকজ থাকার পরেও জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সেটিকে আমলে না নিয়ে একতরফাভাবে তড়িঘড়ি করে দণ্ড প্রদান আদালত অবমাননার শামিল। এ ছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশে তাঁকে (বিলকিছ ওয়াজি ঝিনুক) দ্বিতীয় স্ত্রী হিসেবে উল্লেখ করা হয়েছে। অথচ জনপ্রশাসনের ওয়েবসাইটে আবু জাফর রাশেদের স্ত্রী হিসেবে তাঁর নাম উল্লেখ আছে এবং তিনি তাঁর একমাত্র স্ত্রী।
প্রতিবাদপত্রে আরও বিভিন্ন বিষয় উল্লেখ করে বিলকিছ ওয়াজি বলেছেন, তিনি তদন্তে টেলিফোন করার কথা অস্বীকার করেছেন। তাঁকে অভিযুক্ত করা এবং তাঁর স্বামীকে প্ররোচনাকারী হিসেবে দেখানো সম্পূর্ণরূপে আইনবিরুদ্ধ।
প্রথম আলোর বক্তব্য: প্রতিবেদনে প্রথম আলোর নিজস্ব অনুসন্ধানের কোনো তথ্য নেই। ১ ফেব্রুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব কে এম আলী আজমের সইয়ে জারি করা প্রজ্ঞাপনে ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে বিভাগীয় মামলা ও তদন্তের ভিত্তিতে মুন্সিগঞ্জের সাবেক এডিসি আবু জাফর রাশেদকে অসদাচরণের জন্য তিন বছরের জন্য বেতন গ্রেডের নিম্নতর ধাপে অবনমিতকরণের যে দণ্ড দেওয়ার কথা বলা হয়েছে, সেটির ভিত্তিতেই প্রতিবেদনটি করা হয়েছিল। ওই প্রজ্ঞাপনটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়।