সাবেক এপিএস ওমর ফারুক কারাগারে
সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের সহকারী একান্ত সচিব (এপিএস) ওমর ফারুক তালুকদারের জামিন আবেদন নাকচ করে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল সোমবার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও তথ্য গোপনের মামলায় ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অবকাশকালীন বিচারক মো. হেলাল উদ্দিন এ আদেশ দেন।গতকাল সকালে ওমর ফারুক ঢাকা মহানগর দায়রা জজ আদালতে অবকাশকালীন বেঞ্চে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। এর আগে গত ২৭ নভেম্বর তিনি ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ জহুরুল হকের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানিয়েছিলেন। ওই দিন হাইকোর্টের আদেশসহ মামলার মূল নথি না থাকায় জামিনের ওপর শুনানি না নিয়ে ওমর ফারুককে অবকাশকালীন আদালতে জামিন শুনানি করতে বলেন। ২৬ নভেম্বর ওমর ফারুকের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)। এতে বলা হয়, গত ১৪ মে সম্পদের হিসাব চেয়ে এপিএস ওমর ফারুকের কাছে চিঠি পাঠায় দুদক। গত ৩ জুন ফারুক তাঁর সম্পদের বিবরণী দাখিল করেন।প্রাথমিক অনুসন্ধান শেষে গত ১৪ আগস্ট রমনা থানায় এ মামলা করে দুদক। সম্পদের বিবরণীতে ফারুক ৫০ লাখ ৯৩ হাজার টাকার স্থাবর ও এক কোটি দুই লাখ ৫৪ হাজার টাকার অস্থাবর সম্পদের হিসাব দাখিল করেন। এতে তিনি দুই লাখ ৪৩ হাজার টাকা অর্থমূল্যের সম্পদের তথ্য গোপন করেন।এ ছাড়া ফারুকের নামে এক কোটি তিন লাখ ৯৭ হাজার টাকার সম্পদ পাওয়া গেছে, যা তাঁর আয়ের সঙ্গে সংগতিপূর্ণ নয়।গত ৯ এপ্রিল রাতে ৭০ লাখ টাকা নিয়ে যাওয়ার সময় এপিএস ফারুকের গাড়িচালক বিজিবি সদর দপ্তরে ঢুকে পড়েন। এ সময় ফারুক ছাড়াও রেলের দুই কর্মকর্তা ওই গাড়িতে ছিলেন। সুরঞ্জিত সেনগুপ্তের বাসায় ওই ঘুষের টাকা নেওয়া হচ্ছিল বলে গাড়িচালক আজম খান বক্তব্য দেন।এ ঘটনার পর আলোচনায় আসেন এপিএস ফারুক। দুদক তাঁর সম্পদের হিসাব চেয়ে চিঠি পাঠায়।