সাবেক এপিএসের বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগ
সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খানের খালাতো ভাই ও তাঁর সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) আসাদুজ্জামান দিপু যুবলীগের এক নেতাকে হত্যার হুমকি দিয়েছেন।
এই অভিযোগে তাঁর বিরুদ্ধে দোহার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ঢাকার দোহার উপজেলা যুবলীগের সদস্য রফিকুল ইসলাম স্বপন ব্যাপারী।
ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনে আওয়ামী লীগের সাংসদ ও দশম জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী আবদুল মান্নান খানের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে দোহার উপজেলা আওয়ামী লীগের একটি অংশ নির্বাচন বর্জন করার ঘোষণা দিয়েছেন। এ কারণে স্বপনকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে মনে করেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের একটি অংশের নেতা-কর্মীরা।
জিডিতে বলা হয়েছে, গত মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে দোহারের নারিশা বাজার এলাকায় একটি মাইক্রোবাস ও একটি প্রাইভেট কারে করে আসাদুজ্জামানসহ ১৫-১৬ অজ্ঞাতনামা ব্যক্তি যুবলীগের নেতা স্বপন ব্যাপারীর সঙ্গে নির্বাচনসংক্রান্ত বিষয় নিয়ে কথা বলতে আসেন। তাঁদের কথার সঙ্গে স্বপন ব্যাপারীর মতবিরোধ থাকায় তিনি কথা বলতে অপারগতা প্রকাশ করেন। এতে ক্ষিপ্ত হয়ে আসাদুজ্জামান তাঁর কথামতো না চললে স্বপন ব্যাপারীকে হত্যা করার হুমকি দিয়ে চলে যান।
যোগাযোগ করা হলে আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, স্বপনকে কোনো হুমকি দেওয়া হয়নি।