রাজধানীর শেরেবাংলা নগর থানার সাবেক উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করার জন্য আদালতের কাছে অনুমতি চেয়েছে পুলিশ। সাত মাস পেরিয়ে গেলেও এখনো অনুমতি পায়নি। গাড়িচালক শাহ আলমের দুই পায়ে গুলি করে ওই ঘটনাকে ‘বন্দুকযুদ্ধ’ ও অস্ত্র উদ্ধার বলে চালিয়ে দিতে চেয়েছিলেন আনোয়ার হোসেন।
তবে মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মো. আবদুল্লাহ আবু গত শুক্রবার এ বিষয়ে প্রথম আলোকে বলেন, মামলার তদন্ত কর্মকর্তা আদালতের অনুমতি না নিয়েই পুলিশের ওই সাবেক কর্মকর্তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করতে পারবেন।
মামলাটির তদন্তসংশ্লিষ্ট সূত্র বলেছে, গত বছরের ১৯ অক্টোবর শাহ আলমকে দুই পায়ে গুলি করে ‘বন্দুকযুদ্ধ’ সাজিয়ে তাঁর বিরুদ্ধেই অস্ত্র আইনে মামলা করেছিলেন শেরেবাংলা থানার তৎকালীন এসআই আনোয়ার। কিন্তু ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের তদন্তে বেরিয়ে আসে, বন্দুকযুদ্ধ হয়নি। এসআই আনোয়ার গাড়িচালক শাহ আলমকে ধরে নিয়ে তাঁর দুই পায়ে গুলি করেন। এরপর শাহ আলমের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করেন তিনি। ওই মামলার তদন্তের পর ডিবির পরিদর্শক মো. হুমায়ুন কবির এ ঘটনায় এসআই আনোয়ারের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করার অনুমতি চেয়ে প্রায় ছয় মাস আগে আদালতে আবেদন করেন। এখনো অনুমতি মেলেনি।
ডিবি পুলিশ গুলিতে আহত শাহ আলমকে অস্ত্র আইনের মামলার অভিযোগ থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে। শাহ আলম একসময় শেরেবাংলা নগর থানার সিভিল টিমের গাড়ির (হিউম্যান হলার) চালক ছিলেন।
সম্প্রতি ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার (ডিবি) মো. মনিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, এসআই আনোয়ারের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়ায় তাঁর বিরুদ্ধে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে অস্ত্র আইনে মামলা করার অনুমতি চাওয়া হয়েছে।
এদিকে গত বছরের ২০ অক্টোবর শাহ আলমের ভাই মো. মোস্তফা বাদী হয়ে এসআই আনোয়ারকে আসামি করে শেরেবাংলা নগর থানায় মামলা করেন। ওই মামলায় তিনি গ্রেপ্তার হন। সম্প্রতি তিনি জামিনে মুক্তি পেয়েছেন।
আদালত সূত্র বলেছে, গত ২২ জানুয়ারি শাহ আলমকে অস্ত্র মামলা থেকে অব্যাহতি দেওয়ার আবেদন জানিয়ে চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়। এতে ২৫ জনের সাক্ষ্য নেওয়া হয়। এর মধ্যে ছয়জন আদালতে জবানবন্দি দেন। একই সঙ্গে মামলার তদন্ত কর্মকর্তা আদালতে তৎকালীন এসআই আনোয়ারের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করার অনুমতি চান। কিন্তু শুনানির ধার্য তারিখ বারবার পিছিয়ে যাচ্ছে।
মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক হুমায়ুন কবির প্রথম আলোকে বলেন, আদালতের অনুমতি না পাওয়ায় আনোয়ারের বিরুদ্ধে অস্ত্র আইনে এখনো মামলা করা যায়নি।