সাবেক ও বর্তমান তিন কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত করছে দুদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান ও বর্তমান দুই কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রোববার দুদকের দুই কর্মকর্তা বোর্ডের বর্তমান চেয়ারম্যান শাহেদা ইসলামের সঙ্গে দেখা করেন। তাঁর কাছে বোর্ডের বিভিন্ন নথি চেয়েছেন দুদক কর্মকর্তারা।
দুদক সূত্র জানায়, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সদ্য বিদায়ী চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, বর্তমান পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ মাহবুব হাসান ও সচিব পীযূষ দত্তের বিরুদ্ধে আনা বিভিন্ন অভিযোগের তদন্ত শুরু করছেন দুদক ঢাকা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ সিরাজুল হক।
দুদক সূত্র জানায়, বোর্ডের সাবেক ও বর্তমান ওই তিন কর্মকর্তার বিরুদ্ধে ১০টি অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য অভিযোগ হচ্ছে নিম্নমানের ওএমআর শিট কেনা, বদলি ও পদায়ন বাণিজ্য, অতিরিক্ত ভ্রমণ ভাতা নেওয়া, ব্যক্তিগত মামলায় বোর্ডের অর্থ খরচ, বোর্ডের তহবিল ব্যবহার করে বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের নামে ভুয়া ভাউচার তৈরি করে অর্থ আত্মসাৎ, বোর্ড ভবন ও আবাসিক ভবন নির্মাণের সময় ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে ঘুষ নেওয়া, নাম ও বয়স সংশোধনের জন্য টাকা নেওয়া ইত্যাদি।
এ বিষয়ে দুদকের ঢাকা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ সিরাজুল হক গতকাল মুঠোফোনে প্রথম আলোকে বলেন, বোর্ডের সাবেক চেয়ারম্যান, বর্তমান পরীক্ষা নিয়ন্ত্রক ও সচিবসহ অনেক কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির বেশ কিছু অভিযোগ এসেছে। এসব অভিযোগের ব্যাপারে দুদক অনুসন্ধান শুরু করেছে। তিনি বলেন, অনুসন্ধানের অংশ হিসেবে বিভিন্ন নথিপত্র দেওয়ার জন্য বোর্ডকে বলা হয়েছে। এসব নথিপত্র পাওয়ার পর অভিযোগগুলো পর্যালোচনা করা হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা হবে।
যোগাযোগ করা হলে বোর্ডের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ মাহবুব হাসান ও সচিব পীযূষ দত্ত প্রথম আলোর কাছে দাবি করেছেন, তাঁরা বিধিবিধান-বহির্ভূতভাবে কোনো কাজ করেননি। সরকারি আইন ও বোর্ডের বিধি মেনেই কাজ করেছেন।
দুদকের অনুসন্ধানের বিষয়ে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান শাহেদা ইসলাম প্রথম আলোকে বলেন, বোর্ডের কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে ১০টি অভিযোগ আনা হয়েছে। এসব অভিযোগ-সংক্রান্ত বিভিন্ন ফাইল দুদক কর্মকর্তারা চেয়েছেন, তা তাঁদের কাছে সরবরাহ করা হবে।