সাবেক ও বর্তমান মন্ত্রীর সম্মানের লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জ সদর উপজেলায় নির্বাচনী হাওয়া অন্য যেকোনো উপজেলার চেয়ে একটু বেশিই গরম। এখানকার নির্বাচন শুধু রাজনীতির মধ্যে সীমাবদ্ধ নেই; আওয়ামী লীগ ও বিএনপির সাবেক ও বর্তমান প্রভাবশালী দুই মন্ত্রীর মান-সম্মানের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।

এখানে জেলা যুবদলের আহ্বায়ক শরীফুল ইসলাম শরীফ (আনারস) বিএনপি-সমর্থিত প্রার্থী। তিনি সাবেক শিক্ষামন্ত্রী ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এম ওসমান ফারুকের পছন্দের মানুষ। অপর দিকে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী হয়েছেন বর্তমান সরকারের স্থানীয় সরকারমন্ত্রী ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের ছোট ভাই সৈয়দ আশফাকুল ইসলাম (কাপ-পিরিজ)। আশফাকুল ইসলাম নিজে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও মুক্তিযোদ্ধা যুব কমান্ডের আহ্বায়ক।

 খোঁজ নিয়ে জানা গেছে, আওয়ামী লীগ-সমর্থিত আশফাকুল ইসলামের পক্ষে কোমর বেঁধে মাঠে নেমেছেন মন্ত্রীর সংসদীয় এলাকা সদর উপজেলা আওয়ামী লীগের অধিকাংশ নেতা-কর্মী। তাঁদের নেতৃত্ব দিচ্ছেন মন্ত্রীর আস্থাভাজন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান ও সাধারণ সম্পাদক শরীফ সাদী। অন্যদিকে বিএনপির শরীফুল ইসলামের পক্ষে ফজলুর রহমান দিন-রাত পথসভা করে চলেছেন। সেই সঙ্গে স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা তো আছেনই।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান বলেন, মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এখান থেকে চারবার নির্বাচিত হয়েছেন। এবার চেয়াম্যান পদে তাঁর ভাই সৈয়দ আশফাকুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন। এটা দলের মান-সম্মানের প্রশ্ন। দলের সবার নৈতিক দায়িত্ব দল-সমর্থিত এই প্রার্থীর পক্ষে কাজ করে দল ও মন্ত্রীর সম্মান রক্ষা করা। সে লক্ষ্যেই সদর উপজেলা আওয়ামী লীগের প্রতিটি নেতা-কর্মী কাজ করছেন।

এদিকে বিএনপির নেতা ফজলুর রহমান বলেন, ‘এখানে বিএনপি-সমর্থিত প্রার্থীই জিতবে। গতবারও এখানে আওয়ামী লীগ পরাজিত হয়েছিল। এবারও হবে। সেই লক্ষ্য নিয়েই কাজ করছি।’

জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, নির্বাচনের আগে জনসংযোগ করতে এম ফারুক ওসমান আসছেন। তিনি সার্বিক বিষয় দেখছেন। করিমগঞ্জে নিজের নির্বাচনী আসনে ফারুক ওসমান দলীয় প্রার্থীকে বিজয়ী করেছেন। সদর আসনটি দল ও চেয়ারপারসনের এই উপদেষ্টার সম্মানের বিষয়। তাই তাঁর অনুসারী দলের সব নেতা-কর্মী ঐক্যবদ্ধভাবে সদর উপজেলায় কাজ করছেন। অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হলে এখানে বিএনপি-সমর্থিত দলীয় প্রার্থীর বিজয় সময়ের ব্যাপার বলে মত প্রকাশ করেন মাজহারুল ইসলাম।

ওসমান ফারুকও উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করতে কয়েক দিনের মধ্যে জেলা সদরে আসছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন।

সদর উপজেলায় এই দুই প্রার্থী ছাড়াও চেয়ারম্যান পদে উপজেলায় আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী আনোয়ার কামাল (দোয়াত-কলম), মফিজ উদ্দিন (মোটরসাইকেল), সাবেক চেয়ারম্যান আবদুল হাই (ঘোড়া), শেখ সেলিম কবীর (চিংড়ি), সালাহ উদ্দিন (হেলিকপ্টার), জাপার ইসমাইল হোসেন (ব্যাটারি) ও বাসদের মাসুদ মিয়া (টেলিফোন) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আগামী ১৫ মার্চ এই উপজেলা পরিষদে নির্বাচন হবে।