সাবেক ও বর্তমান মেয়র জামিনে মুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী সিটি করপোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, সাবেক মেয়র মিজানুর রহমান মিনুসহ বিএনপির তিন নেতা কারাগার থেকে মুক্তি পেয়েছেন। গতকাল রোববার বিকেল পৌনে পাঁচটার দিকে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে তাঁদের মুক্তি দেওয়া হয়।
এ সময় জেল গেটে তিন নেতাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিএনপির নেতা-কর্মীরা। সেখান থেকে তাঁরা নগরের ভুবন মোহন পার্কে এসে সংক্ষিপ্ত সমাবেশ করেন।
গত বছরের ২৬ ডিসেম্বর বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের বিক্ষোভ মিছিল শেষে পুলিশের গাড়িতে বোমা হামলা হলে কনস্টেবল সিদ্ধার্থ সরকার নিহত হন। এ ঘটনায় মেয়র মোসাদ্দেক, সাবেক মেয়র ও বিএনপির যুগ্ম মহাসচিব মিজানুর রহমান, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হকসহ ৮৫ জনের নাম উল্লেখ করে বোয়ালিয়া থানায় হত্যা মামলা করে পুলিশ।
ওই মামলায় মোসাদ্দেক, মিজানুর, শফিকুলসহ বিএনপির ৩৪ নেতা-কর্মী গত ২৪ ফেব্রুয়ারি রাজশাহীর অতিরিক্ত মহানগর মুখ্য হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানালে বিচারক তাঁদের কারাগারে পাঠান।
এরপর ওই মামলায় গত মঙ্গলবার হাইকোর্ট থেকে ছয় মাসের জামিন পান মোসাদ্দেক, মিজানুর ও শফিকুল। গতকাল দুপুরে ওই জামিনের আদেশ রাজশাহী কারাগারে পৌঁছালে তিন নেতাকে মুক্তি দেওয়া হয়।