সাবেক ও বর্তমান মেয়রসহ বিএনপির ৩৪ নেতা-কর্মী জেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে গাড়িবোমা হামলা চালিয়ে পুলিশ হত্যা ও বিস্ফোরক দ্রব্য বহনের অভিযোগে করা দুটি মামলায় সিটি করপোরেশনের সাবেক ও বর্তমান মেয়রসহ রাজশাহী বিএনপির ৩৪ জন নেতা-কর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তাঁদের মধ্যে ১৪ জনই সিটি করপোরেশনের কাউন্সিলর। রাজশাহীর অতিরিক্ত মহানগর মুখ্য হাকিম আদালত গতকাল সোমবার দুপুরে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
নেতা-কর্মীদের অন্যতম হলেন সাবেক মেয়র ও বিএনপির যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনু, বর্তমান মেয়র ও কেন্দ্রীয় কমিটির সদস্য মোসাদ্দেক হোসেন বুলবুল এবং রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক।
এর আগে আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিচারক শেখ মেরিনা সুলতানা তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করেন। বিএনপির নেতা-কর্মীদের আইনজীবী কামরুল মনির জানান, নেতাদের সবাই উচ্চ আদালত থেকে চার সপ্তাহের জামিনে ছিলেন। তাঁদের মধ্যে মিজানুর রহমান, মোসাদ্দেক হোসেন, শফিকুল হকসহ ১০ জন গত ২০ জানুয়ারি উচ্চ আদালত থেকে জামিন পান। তারপর অন্যরা জামিন নেন। নিম্ন আদালতে হাজির হওয়ার শর্তে তাঁদের তখন জামিন দেওয়া হয়।
জামিনপ্রাপ্ত ৩৬ জনের মধ্যে গতকাল ৩৪ জন নিম্ন আদালতে হাজির হন। গত ২৬ ডিসেম্বর ১৯-দলীয় জোটের মিছিল শেষে পুলিশের গাড়িতে বোমা ছুড়ে মারা হয়। এতে পুলিশ সদস্য সিদ্ধার্থ চন্দ্র সরকার মারা যান। আরও আট পুলিশ সদস্য আহত হন। ওই ঘটনায় নগরের বোয়ালিয়া থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বাদী হয়ে হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা করেন।
মামলার এজাহারে ৮৫ জনের নাম উল্লেখ করে ৩৫০ ব্যক্তিকে আসামি করা হয়। বিএনপির নেতারা ছাড়াও এ মামলায় মহানগর জামায়াতের সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডল, মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি আ স ম মামুন শাহিন, মাইনুল ইসলাম ও মাহবুব হাসানের নাম রয়েছে।
এদিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল এক বিবৃতিতে দলের যুগ্ম মহাসচিব মিজানুর রহমান, রাজশাহী সিটি করপোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল ও নেতা-কর্মীদের কারাগারে পাঠানোর সমালোচনা করে অবিলম্বে তাঁদের মুক্তির দাবি জানান।