সাবেক ও বর্তমান মেয়রের কুশপুত্তলিকা দাহর চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশনের বর্তমান মেয়র মন্জুর আলম ও সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে জায়গা দখলের অভিযোগ এনে তাঁদের কুশপুত্তলিকা দাহর চেষ্টা করা হয়েছে। তবে পুলিশের বাধায় তা সম্ভব হয়নি।
গতকাল বুধবার দুপুর ১২টার দিকে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন শেষে জায়গার দাবিদার একটি পক্ষ এ ঘটনা ঘটায়।
চট্টগ্রাম নগরের জিইসি মোড় এলাকায় প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস নির্মাণ করছে সিটি করপোরেশন।
গতকালের মানববন্ধনে বক্তব্য দেন আবু বক্কর, মো. জাহাঙ্গীর ও মো. ইব্রাহিম। বক্তারা বলেন, ‘বর্তমান ও সাবেক মেয়র ভিন্ন রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী হলেও অন্যের জমি অবৈধভাবে দখলের ব্যাপারে তাঁরা ঐক্যবদ্ধ। আমাদের মৌরসী সূত্রে পাওয়া জমি থেকে ভাড়াটিয়াদের উচ্ছেদ করে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের নামে জায়গাটি দখল করে নেওয়া হয়। এখন আমাদের প্রতিনিয়ত হুমকি-ধমকি দিয়ে যাচ্ছেন।’
তবে চলতি বছরের ২৭ মে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস নির্মাণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সিটি করপোরেশনের মেয়র মন্জুর আলম, সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. অনুপম সেন দাবি করেছিলেন, বৈধভাবে এবং আইনি কাঠামোর মধ্য দিয়ে জায়গা বায়নানামা করা হয়েছে। এই ক্যাম্পাস নির্মাণে কোনো ব্যক্তিস্বার্থ নেই।