সাবেক ও বর্তমান সাংসদের একত্রে কাজ করার অঙ্গীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁ-৩ (বদলগাছি-মহাদেবপুর) আসনের আওয়ামী লীগের সাবেক সাংসদ আকরাম হোসেন চৌধুরী ও বর্তমান সাংসদ ছলিমউদ্দিন তরফদার একত্রে কাজ করার অঙ্গীকার করেছেন। বদলগাছি উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় গতকাল শনিবার তাঁরা দুজন ভবিষ্যতে একসঙ্গে কাজ করার ওই অঙ্গীকার করেন।

দীর্ঘদিন ধরে ওই দুই নেতার মধ্যে বিরোধ চলছিল। তাঁদের এমন অঙ্গীকারে দলীয় নেতাদের মধ্যেও স্বস্তি ফিরে এসেছে।

উপজেলা পরিষদ ডাকবাংলোয় ওই সভা হয়। সভায় ওই দুই নেতা ছাড়াও উপজেলা আওয়ামী লীগের নেতারা, আটটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও দলের অঙ্গসংগঠন ছাত্রলীগ-যুবলীগের সভাপতি সাধারণ সম্পাদকেরা উপস্থিত ছিলেন। সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ জ ম শফি মাহমুদ সভাপতিত্ব করেন।

দলীয় কয়েকজন নেতা-কর্মী বলেন, ছলিমউদ্দিন মহাদেবপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক থাকা অবস্থায় ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন চান। দলের পক্ষ থেকে বদলগাছির সাবেক সাংসদ আকরাম হোসেন চৌধুরীকে মনোনয়ন দেওয়া হয়। পরে ছলিমউদ্দিন স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করেন। নির্বাচনে ছলিমউদ্দিনের কাছে হেরে যান আকরাম। দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে নির্বাচন করায় ছলিমউদ্দিনকে দল থেকে বহিষ্কার করা হয়। নির্বাচনের পর বদলগাছি-মহাদেবপুর উপজেলার আওয়ামী লীগের দলীয় নেতা-কর্মীরা দুই ভাগে (ছলিমউদ্দিন ও আকরাম) বিভক্ত হয়ে পড়েন। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বতন্ত্র সদস্য ছলিমউদ্দিনকে দলে ফিরিয়ে নেন।

সভায় সাংসদ ছলিমউদ্দিন বলেন, ‘২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনের পর এই আসনে দলীয় নেতা-কর্মীরা দুই ভাগে বিভক্ত ছিলেন, এটি অস্বীকার করার কথা নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবার আপনাদের মাঝে আমাকে আসার সুযোগ দিয়েছেন। আমি প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ। ২০১৯ সালে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনা এ আসনে যাঁকেই দলীয় মনোনয়ন দেবেন, তাঁর হয়েই কাজ করব। যদি আমার নেতা আকরামও দলীয় মনোনয়ন পান, তাঁরই পক্ষে আমরা সবাই কাজ করব।’

সভায় আকরাম বলেন, ‘আমাদের মধ্যে বিভক্তি ছিল। আজ থেকে সেটি দূর হলো। আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে দলীয় যে–ই আসুক, আমরা তাঁর পক্ষে নির্বাচন করে নৌকা প্রতীককে জয়যুক্ত করব।’

বদলগাছি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু খালেদ বলেন, দলের সাবেক ও বর্তমান সাংসদ অতীতের সব ভেদাভেদ ভুলে ভবিষ্যতে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করায় তাঁরা সবাই খুশি।