প্রায় কোটি টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় সাবেক ওরিয়েন্টাল ব্যাংকের সাত কর্মকর্তাকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। গতকাল সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-২-এর বিচারক হোসনে আরা এ মামলার রায় ঘোষণা করেন। ওরিয়েন্টাল ব্যাংক ২০০৯ সালে আইসিবি ইসলামিক ব্যাংক হয়।
দণ্ডাদেশপ্রাপ্ত সাতজন হলেন সাবেক ওরিয়েন্টাল ব্যাংকের প্রিন্সিপাল শাখার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শাহ মো. হারুন, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. আবুল কাশেম মাহমুদুল্লাহ, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. ফজলুর রহম ান ও মোহাম্মদ তারিকুল আলম, প্রধান কার্যালয়ের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মাহমুদ হোসেন, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট কামরুল ইসলাম ও সাবেক উপমহাব্যবস্থাপক (ডিজিএম) ইমামুল হক। তাঁরা মামলার শুরু থেকেই পলাতক রয়েছেন।
রায়ে বলা হয়, এই মামলার আসামিরা সবাই সাবেক ওরিয়েন্টাল ব্যাংকের কর্মকর্তা। তাঁরা ক্ষমতার অপব্যবহার করে পরস্পর যোগসাজশে মেসার্স তানভীর এজেন্সি নামের ভুয়া প্রতিষ্ঠানের নামে ঋণ মঞ্জুর করেন। পরে আসামিরা কৌশলে ঋণের টাকা তুলে নিয়ে নিজেরাই আত্মসাৎ করেন। দুর্নীতি দমন কমিশন (দুদক) এই মামলায় চারজন সাক্ষী উপস্থাপন করে। আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণে সক্ষম হওয়ায় দুর্নীতি প্রতিরোধ আইনে প্রত্যেককে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়। একইসঙ্গে আসামিদের মোট ১ কোটি ৯০ লাখ টাকা জরিমানা করেন আদালত। রায়ে জরিমানার টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার আদেশ দেন আদালত। রায়ে বলা হয়, আসামিরা গ্রেপ্তার অথবা আত্মসমর্পণ করার দিন থেকে এই রায় কার্যকর হবে।
এ মামলায় দণ্ডাদেশপ্রাপ্ত তারিকুল আলম ছাড়া বাকি ছয়জনকে ওরিয়েন্টাল ব্যাংকের টাকা আত্মসাতের আরেকটি মামলায় গত বছর বিশেষ জজ আদালত-৪ সাত বছর করে কারাদণ্ড দেন এবং মোট ১৪ লাখ টাকা জরিমানা করেন।
২০০৬ সালের ২৯ ডিসেম্বর দুদকের উপপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম মতিঝিল থানায় এ মামলা করেন। মামলায় অভিযোগ করা হয়, ২০০৫ সালের ২৭ জুলাই ‘মেসার্স তানভীর এজেন্সি’ নামের একটি ‘অস্তিত্বহীন’ প্রতিষ্ঠানের নামে ওরিয়েন্টাল ব্যাংকের বাবুবাজার শাখায় এক কোটি টাকা ঋণের আবেদন করা হয়। ওই দিনই শাখাটি থেকে প্রধান কার্যালয়ে ঋণ প্রস্তাব পাঠানো হয় এবং প্রধান কার্যালয় ৯৫ লাখ টাকার ঋণ অনুমোদন করে। সেই ভুয়া প্রতিষ্ঠানের নামে ঋণের অর্থ জমা দেখিয়ে আসামিরা নিজেদের মধ্যে যোগসাজশে তা আত্মসাৎ করেন।
২০০৫-০৬ সালে ওরিয়েন্টাল ব্যাংক থেকে আনুমানিক ৩৪ কোটি টাকা আত্মসাতের ঘটনায় মোট ৩৪টি মামলা হয়। এসব মামলার মধ্যে ২০১৩ সালে আটটিতে অভিযোগপত্র দেয় দুদক।