সাবেক ওসি হেলালের সাজা বহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাবেক ওসি হেলাল উদ্দিন
সাবেক ওসি হেলাল উদ্দিন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র আবদুল কাদেরকে নির্যাতন ও জোর করে স্বীকারোক্তি আদায়ের মামলায় রাজধানীর খিলগাঁও থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিনের সাজা বহাল রেখেছেন আপিল আদালত। এ মামলায় হেলাল উদ্দিনকে তিন বছরের কারাদণ্ডাদেশ দিয়েছিলেন বিচারিক আদালত।
গতকাল বুধবার ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-৫-এর বিচারক জাহিদুল কবির নিম্ন আদালতের দেওয়া আদেশ বহাল রাখেন এবং আসামিপক্ষের করা আপিল খারিজ করে দেন। আবদুল কাদের বর্তমানে কুমিল্লার সরকারি ভিক্টোরিয়া কলেজের রসায়ন বিভাগে প্রভাষক হিসেবে কর্মরত।
আবদুল কাদেরের আইনজীবীরা বলেন, সাবেক ওসি হেলালের বিরুদ্ধে দেওয়া সাজা আপিল আদালত বহাল রেখেছেন। হেলাল বর্তমানে চাকরি থেকে সাময়িক বরখাস্ত আছেন। ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আলমগীর কবীর গত বছরের ১৭ মে এ মামলায় হেলালকে তিন বছরের কারাদণ্ডাদেশ দেন। তখন হেলাল পলাতক ছিলেন। পরে বিচারিক আদালতে আত্মসমর্পণ করলে তাঁকে কারাগারে পাঠানো হয়। পরে হাইকোর্ট থেকে জামিন পান তিনি।
আবদুল কাদেরের পক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী মনজুর আলম, আবদুল গাফফার হোসেন ও শুভ্র সিনহা।
২০১১ সালের ১৫ জুলাই বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ছাত্র আবদুল কাদের ছোট বোনকে নিয়ে গুলশানের ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারে বৃত্তি অনুষ্ঠানে যান। অনুষ্ঠান শেষে সেখান থেকে ইস্কাটনে হলি ফ্যামিলি স্টাফ কোয়ার্টারে খালার বাসায় বোনকে রেখে বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে যাওয়ার সময় সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়ের সামনে কাদেরকে টহল পুলিশ রাত একটার দিকে আটক করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে পরিচয় দিয়ে পরিচয়পত্র দেখানোর পরও ‘ছিনতাইকারী’ বলে পুলিশ তাঁকে খিলগাঁও থানায় নিয়ে যায়। পরদিন সকালে খিলগাঁও থানায় তাঁকে নির্যাতনের মুখে একটি মামলায় জোরপূর্বক স্বীকারোক্তি নেওয়ার চেষ্টা করেন তৎকালীন ওসি হেলাল। নির্যাতনের একপর্যায়ে চাপাতি দিয়ে কাদেরের পায়ে আঘাত করে গুরুতর জখম করেন তিনি। পরে কাদেরকে মোহাম্মদপুর থানার দুটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। কাদেরকে পাঠানো হয় কারাগারে।
পরে ঘটনাটি বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশ পেলে ২০১১ সালের ২৮ জুলাই হাইকোর্ট খিলগাঁও থানার তৎকালীন ওসি হেলাল, উপপরিদর্শক (এসআই) আলম বাদশা ও সহকারী উপপরিদর্শক শহিদুর রহমানকে সাময়িক বরখাস্ত করতে পুলিশের মহাপরিদর্শককে নির্দেশ দেন।
কোনো ধরনের সম্পৃক্ততা না পাওয়ায় পরবর্তী সময়ে মামলাগুলো থেকে কাদেরকে অব্যাহতির আবেদন জানিয়ে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেয় পুলিশ। ২০১২ সালের ২৩ জানুয়ারি শুনানি শেষে কাদেরকে মামলাগুলো থেকে চূড়ান্ত অব্যাহতি দেওয়া হয়।