সাবেক কনস্টেবলসহ তিনজনের সাক্ষ্য গ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ ২৩ বছর ধরে চলা চট্টগ্রামের সন্দ্বীপের গাড়োয়ান হত্যা মামলায় প্রায় সাড়ে আট বছর পর গতকাল বৃহস্পতিবার আদালতে সাক্ষ্য দিয়েছেন পুলিশসহ তিনজন। তাঁরা হলেন সন্দ্বীপ থানার তৎকালীন পুলিশ কনস্টেবল (বর্তমানে অবসরপ্রাপ্ত) গোপাল চন্দ্র, স্থানীয় বাসিন্দা আবুল কালাম আজাদ ও মোস্তাফিজুর রহমান। তাঁদের মধ্যে গোপাল চন্দ্র সেদিন ওই গাড়োয়ানের লাশ উদ্ধার করে মর্গে নিয়ে যান।
এ মামলায় বারবার সমন পাঠানোর পরও সাক্ষীদের হাজির করতে না পারায় সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল ইসলাম ও চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক এ এইচ এম মশিউর রহমানকে সশরীরে হাজির হতে গত ২২ আগস্ট নির্দেশ দেন আদালত। গতকাল তাঁরা দুজন চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম জেলা ও দায়রা জজ মোহাম্মদ নজরুল ইসলামের আদালতে হাজির হয়ে কারণ ব্যাখ্যা দেন।
গত ২০ আগস্ট প্রথম আলোয় ‘২৩ বছর ধরে মামলা, বাদী শয্যাশায়ী, মারা গেছেন তিন আসামি’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। ওই দিনই চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলনকক্ষে ত্রৈমাসিক বিচারিক সম্মেলনে (জুডিশিয়াল কনফারেন্স) সন্দ্বীপের ওই হত্যা মামলা নিয়ে আলোচনা হয়।
মামলাটি দীর্ঘ সময়েও নিষ্পত্তি না হওয়ায় গত ৮ আগস্ট বিচারকের কাছে কারণ ব্যাখ্যা চান হাইকোর্ট। একই সঙ্গে তিন মাসের মধ্যে মামলাটি নিষ্পত্তি করার নির্দেশ দেন।
১৯৯৩ সালের ৬ আগস্ট সন্দ্বীপের কচুয়াখালী এলাকায় আক্কাস উদ্দিন নামের এক যুবককে ১৫ হাজার টাকা চুরির অভিযোগে পিটিয়ে হত্যা করা হয়। আক্কাস গরুর গাড়ি চালাতেন (গাড়োয়ান)। গত সাড়ে আট বছরে এই মামলায় একজন সাক্ষীকেও হাজির করতে পারেনি পুলিশ। এই সময়ের মধ্যে মোট ৪৩ বার মামলার তারিখ পড়েছে। আট আসামির মধ্যে প্রধান তিন আসামি মারা গেছেন। বয়সের ভারে মামলার বাদী ও আক্কাসের বাবা আবুল খায়ের এখন চলাফেরা করার শক্তিও হারিয়ে ফেলেছেন। মামলার ২৫ সাক্ষীর মধ্যে এ পর্যন্ত ১০ জন (গতকালের তিনজনসহ) সাক্ষ্য দিয়েছেন। তদন্ত কর্মকর্তাসহ তিন পুলিশ সদস্য এখনো সাক্ষ্য দেননি।
চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি অজয় বোস প্রথম আলোকে বলেন, আদালতের নির্দেশে সন্দ্বীপ থানার ওসি ও জেলা কোর্ট পরিদর্শক হাজির হয়ে দীর্ঘদিন সাক্ষী হাজির না হওয়ার কারণ ব্যাখ্যা করেছেন আদালতে। ওসি আদালতকে জানান, তিনি সম্প্রতি সন্দ্বীপ থানায় যোগদান করেছেন। আর কোর্ট পরিদর্শক জানান, আদালত থেকে জারি হওয়া সমন ও পরোয়ানাগুলো তিনি সংশ্লিষ্ট থানায় পাঠিয়েছেন। পরে আদালত তিন সাক্ষীর সাক্ষ্য শেষে আগামী ২০ অক্টোবর মামলার পরবর্তী তারিখ ধার্য করেন।