জাতীয় প্রেসক্লাব
সাবেক কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর আদেশ স্থগিতাদেশের বিরুদ্ধে রিভিশন গ্রহণ
জাতীয় প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির কার্যক্রম স্থগিত করে এক সপ্তাহের মধ্যে পুরোনো কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের আদেশের বিরুদ্ধে দায়ের করা আপিলের পরবর্তী শুনানি ১৮ জানুয়ারি। গতকাল বৃহস্পতিবার জেলা ও দায়রা জজ মো. জাহাঙ্গীর হোসেন ওই তারিখ ধার্য করেন। গত ১০ জানুয়ারি চতুর্থ সহকারী জেলা জজ আদালত সাত দিনের মধ্যে পুরোনো কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের আদেশ জারি করেছিলেন। গতকাল আদালত একই সঙ্গে বাদী-বিবাদীকে রিভিশনের বিষয়ে অবগত করার আদেশ দিয়েছেন।বাদীপক্ষের আইনজীবী সানাউল্লাহ মিয়া বলেন, গত ১০ জানুয়ারি জাতীয় প্রেসক্লাবের নতুন ব্যবস্থাপনা কমিটি যাতে কার্যক্রম চালাতে না পারে, তার ওপর স্থগিতাদেশ দেন। একই সঙ্গে নতুন কমিটিকে সাবেক ব্যবস্থাপনা কমিটির কাছে সব দায়িত্ব বুঝিয়ে দেওয়ার আদেশ দেওয়া হয়। স্থগিত আদেশটি আইনসম্মত হয়নি বিধায় রিভিশন করা হয়েছে এবং তা গতকাল সন্ধ্যার পর গ্রহণ করেছেন আদালত। তিনি বলেন, প্রেসক্লাবের গঠনতন্ত্রে কোথাও পুরোনো কমিটির কাছে ক্ষমতা হস্তান্তরের কথা উল্লেখ নেই।গত ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত প্রেসক্লাবের নির্বাচন অবৈধ ঘোষণা ও নবনির্বাচিত কার্যকরী কমিটির কাছে ক্ষমতা হস্তান্তরের ওপর নিষেধাজ্ঞা চেয়ে ৫ জানুয়ারি ঢাকার চতুর্থ সহকারী জজ আদালতে মামলা করেন সভাপতি ও সাধারণ সম্পাদক পদে পরাজিত প্রার্থী গোলাম সারওয়ার ও সাইফুল আলম। ভোটার তালিকায় অসাংবাদিক ও যুদ্ধাপরাধী থাকা এবং নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগ এনে মামলাটি দায়ের করা হয়েছিল।