রাজধানীর ভাটারা থানা এলাকার কুড়িলে গতকাল শনিবার ভোরে সাবেক এক কমিশনারের বাসায় ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা ওই বাসা থেকে প্রায় ১০০ ভরি স্বর্ণালংকার, ছয় লাখ টাকা, লাইসেন্স করা রিভলবারসহ অন্যান্য মালামাল নিয়ে গেছে।বাসার মালিক কাজী হযরত আলী ঢাকা সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার এবং বিএনপির বাড্ডা থানা শাখার সাধারণ সম্পাদক। ঘটনার পর তিনি অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে ভাটারা থানায় মামলা করেছেন। মামলায় প্রায় অর্ধকোটি টাকার মালামাল লুট হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।পুলিশ জানায়, গতকাল ভোর সোয়া চারটার দিকে চার-পাঁচজন ডাকাত দেয়াল টপকে গ্রিল কেটে বাড়ির ভেতর ঢুকে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। পরে তারা চাবি ছিনিয়ে নিয়ে বাসার আলমারি খুলে এবং কিছু আসবাব ভেঙে প্রায় ১০০ ভরি স্বর্ণালংকার, ছয় লাখ টাকা, লাইসেন্স করা রিভলবার, দুটি মুঠোফোনসহ অন্যান্য মালামাল নিয়ে যায়। হযরত আলী সাংবাদিকদের বলেন, লুট করা টাকার অধিকাংশই স্থানীয় মসজিদের উন্নয়নের জন্য তোলা হয়েছিল।