সাবেক কাস্টমস কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের সাবেক সদস্য মোহাম্মদ নুরুল ইসলামের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ মঙ্গলবার রাজধানীর রমনা থানায় মামলাটি করেন দুদকের উপপরিচালক এস এম এম আখতার হামিদ ভূঞা।

দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য মামলার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। সাবেক এই কর কর্মকর্তার বিরুদ্ধে আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ৬৯ লাখ ৫০ হাজার টাকা অর্জনের অভিযোগ আনা হয়েছে।

মো. নুরুল ইসলাম একসময় মোংলা কাস্টম হাউসের কমিশনার ছিলেন। বর্তমানে তিনি অবসরকালীন ছুটিতে রয়েছেন। প্রসাধন সামগ্রী আমদানির আড়ালে সাড়ে ৪ কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে এর আগে ২০১১ সালে তাঁর বিরুদ্ধে আরেকটি মামলা করেছিল দুদক।

আজ দায়ের করা মামলার এজাহারে বলা হয়, ২০১১ সালের ২৯ আগস্ট মোহাম্মদ নুরুল ইসলাম দুদকে একটি সম্পদ বিবরণী জমা দেন। সেটি পর্যালোচনায় দেখা যায়, তিনি ১৯৯৯-২০০০ করবর্ষ থেকে তাঁর আয়কর নথি চালু করেন। সম্পদ বিবরণীতে স্থাবর ও অস্থাবর মিলিয়ে ২৯ লাখ ৫৮ হাজার ২০০ টাকার সম্পদ এবং ১ লাখ ২৫ হাজার ১৬৭ টাকা দায়-দেনা দেখিয়েছেন তিনি। কিন্তু ২০০১-২০০৩ সালে নুরুল ইসলাম ও তাঁর স্ত্রী কামরুন বদর এবং শ্বশুর মো. আনসার উদ্দিন খান যৌথভাবে মোট ৮২ লাখ টাকায় ঢাকার বারিধারা ডিওএইচএসে (রোড নম্বর ৬, প্লট নম্বর ৩৬৭) প্লট কেনেন। এতে নুরুল ইসলাম আরব বাংলাদেশ ব্যাংক লিমিটেডের মাধ্যমে ৬৯ লাখ ৫০ হাজার টাকা পে-অর্ডারে পরিশোধ করেন, যা তাঁর আয়কর নথি ও সম্পদ বিবরণীতে প্রদর্শন করেননি।
এর আগে নুরুল ইসলামের বিরুদ্ধে ২০১১ সালের ৪ জুলাই বাগেরহাটের মোংলা থানায় প্রসাধন সামগ্রী আমদানির আড়ালে সাড়ে ৪ কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে মামলা করে দুদক। পরে এ মামলায় ২০১৬ সালের ১৬ অক্টোবর দুদকের পরিচালক মীর জয়নুল আবেদিনের নেতৃত্বে একটি দল তাঁকে রাজধানীর সেগুনবাগিচা থেকে গ্রেপ্তারও করেছিল। পরে তিনি জামিনে বেরিয়ে যান।