টাকা লেনদেন নিয়ে বিরোধের জের ধরে নিজের পোশাক কারখানার সাবেক এক কর্মচারীর হাতে আহমেদ আলী (২৯) নামের এক ব্যবসায়ী খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে৷ মো. বাদল (২৫) নামের ওই কর্মচারী তাঁকে গলা কেটে ও কুপিয়ে হত্যা করে।
গতকাল শনিবার ভোরে দক্ষিণ কেরানীগঞ্জের কালীগঞ্জ গুদারাঘাট এলাকায় ঘটনাটি ঘটে। ঘটনাটি দেখে ফেলায় বাদল আবদুল বাতেন নামের অপর এক কর্মচারীকে কুপিয়ে আহত করেছে৷ গুরুতর অবস্থায় তাঁকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে বাদল পলাতক রয়েছে। পুলিশ আহমেদ আলীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তিনি মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী থানার দুলিহাটি গ্রামের আশ্রাফ উদ্দিনের ছেলে।
এদিকে গতকাল সকালে সাভারের কর্ণপাড়া খাল থেকে পুলিশ আতাউর রহমান (১৬) নামের এক স্কুলছাত্রের ভাসমান লাশ উদ্ধার করেছে৷ শুক্রবার সন্ধ্যার পর থেকে সে নিখোঁজ ছিল।
পুলিশ এবং ওই কারখানা সূত্রে জানা গেছে, আহমেদ আলী কালীগঞ্জের গুদারাঘাট এলকার বাবুল ঢালী মার্কেটের পঞ্চম তলার আরিফ গার্মেন্টসের মালিক। ওই কারখানার কর্মচারী বাদল কয়েক দিন আগে আহমেদ আলীর কাছ থেকে পাঁচ হাজার টাকা অগ্রিম নেন। বাদল সেই টাকা পরিশোধ না করে অন্য কারখানায় গিয়ে কাজে যোগ দেন। এ নিয়ে আহমেদের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। গত শুক্রবার রাতে আহমেদ তাঁর কারখানায় বাদলকে ডেকে আনেন৷ রাত বেশি হওয়ায় আহমেদ পরের দিন এ নিয়ে কথা বলবেন বলে বাদলকে জানান৷ এরপর দুই কর্মচারী বাতেন ও বাদলকে নিয়ে কারখানার ফ্লোরেই ঘুমিয়ে পড়েন আহমেদ। গতকাল ভোরে বাদল সেখানে গিয়ে আহমেদকে কাপড় কাটার কেঁচি দিয়ে কুপিয়ে মেরে ফেলেন। ঘটনাটি অপর কর্মচারী মো. বাতেন দেখে ফেলেন৷ এরপর বাদল তাঁকেও কেঁচি দিয়ে আঘাত করেন।
আহত বাতেন হাসপাতালে সাংবাদিকদের বলেন, ‘ভোরে মালিকের চিৎকারে আমার ঘুম ভেঙে যায়। জেগে দেখি বাদল কেঁচি দিয়ে মালিকের গলা কেটে ফেলেছে। তখন আমি তাঁকে জাপটে ধরি। সে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। সে কেঁচি দিয়ে আমার পিঠ ও পেটে আঘাত করে। আমি জ্ঞান হারিয়ে ফেলি। পরে জ্ঞান ফিরলে জানালা দিয়ে চিৎকার করে আমাকে উদ্ধারের আকুতি জানাই। তারপর আমার আর কিছু মনে নেই।’
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর বলেন, ‘এ ব্যাপারে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’
সাভার মডেল থানা-পুলিশ ও নিহত স্কুলছাত্রের পরিবার সূত্রে জানা গেছে, পৌর এলাকার কাতলাপুর মহল্লার আবুল হোসেনের ছেলে এবং স্থানীয় অধরচন্দ্র উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র আতাউরকে ফুটবল খেলার কথা বলে শুক্রবার দুপুরে একই এলাকার চার শিশু ডেকে নিয়ে যায়৷ এরপর তারা কাতলাপুর খেয়াঘাটসংলগ্ন কর্ণপাড়া খালের অপর পারে কালীনগর মাঠে ফুটবল প্রতিযোিগতায় অংশ নেয়। খেলা শেষে অন্যরা বাসায় ফিরলেও আতাউর আর বাসায় ফেরেনি। গতকাল দুপুর ১২টার দিকে খেয়াঘাটসংলগ্ন কর্ণপাড়া খালে আতাউরের লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন তার পরিবারের সদস্যদের খবর দেয়৷ এরপর আতাউরের স্বজনেরা এসে লাশ শনাক্ত করেন৷ পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়৷
সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) দীপক চন্দ্র সাহা বলেন, লাশের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তাই ময়নাতদন্তের প্রতিবেদন ছাড়া তার মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়৷