সাবেক কাউন্সিলরসহ সাতজনকে নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরিবেশ আইন লঙ্ঘন করে রাজশাহী নগরের বড়বনগ্রাম এলাকায় পুকুর ভরাটের কাজ চলছে l ছবি: প্রথম আলো
পরিবেশ আইন লঙ্ঘন করে রাজশাহী নগরের বড়বনগ্রাম এলাকায় পুকুর ভরাটের কাজ চলছে l ছবি: প্রথম আলো

রাজশাহী নগরের একটি পুকুর ভরাটের অভিযোগে গতকাল বৃহস্পতিবার সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলরসহ সাতজনের নামে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ ব্যাপারে শাহমখদুম থানায় জেলা প্রশাসনের পক্ষ থেকে সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়েছে।
এই সাতজন হলেন ১৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা সাহাদত আলী শাহু, হামজা মহুরী, ঈমান আলী, রুহুল মণ্ডল, মাফিজ উদ্দিন, মোহাম্মদ আলী ও সিরাজুল মিস্ত্রি। তাঁদের সবার বাড়ি বড়বনগ্রাম ভাড়ালিপাড়া মহল্লায়। পরিবেশ অধিদপ্তর রাজশাহী কার্যালয় সূত্রে জানা যায়, নগরের বড়বনগ্রাম ভাড়ালিপাড়া এলাকায় বেশ কিছুদিন ধরে একটি পুকুর ভরাট করা হচ্ছিল। পরিবেশ অধিদপ্তর সরেজমিনে গিয়ে পুকুর ভরাটের প্রমাণ পেয়েছে। এরপর গতকাল সাতজনের নামে নোটিশ পাঠানো হলো।
গত মঙ্গলবার এই প্রতিবেদক ওই এলাকায় গেলে তখনো পুকুর ভরাটের কার্যক্রম চোখে পড়ে। এক ব্যক্তি পুকুর ভরাটের কাজ তদারকি করছিলেন। তিনি এ বিষয়ে সাবেক কাউন্সিলর সাহাদত আলীর সঙ্গে কথা বলতে বলেন। পরে মুঠোফোনে যোগাযোগ করা হলে সাহাদত আলী বলেন, এটা সরকারি কোনো জায়গা না। ব্যক্তিমালিকানাধীন সম্পত্তি। এটা পুকুরও নয়। একটা নিচু জায়গা। তাই পানি জমে থাকে।
বোয়ালিয়া ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা হেলাল শেখ নগরের শাহমখদুম থানায় পুকুর ভরাটের বিরুদ্ধে জিডি করেছেন। জিডিতে বলা হয়, জমির মালিকের নাম বদরুজ্জামান। মূল মালিকের নির্দেশে কয়েকজন প্রভাবশালী ব্যক্তি পুকুরটি ভরাট করছেন।
পরিবেশ অধিদপ্তর রাজশাহী কার্যালয়ের সহকারী পরিচালক নূর আলম জানান, পরিবেশ আইন অনুযায়ী সাতজনকে আলাদাভাবে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। রেজিস্টার্ড ডাকে পাঠানো নোটিশ হয়তো এক দিন পরই তাঁরা হাতে পাবেন।