সাবেক কাউন্সিলরের হাতে প্রকৌশলী লাঞ্ছিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনা পৌরসভার সাবেক এক কাউন্সিলর বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলীকে তাঁর কার্যালয়ে ঢুকে লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
গত বুধবার দুপুরে পশ্চিমাঞ্চলীয় বিদ্যুৎ বিতরণকারী সংস্থার (ওজোপাডিকো) বরগুনা জেলা নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নির্বাহী প্রকৌশলী রাশিদুল ইসলাম চৌধুরী বাদী হয়ে বরগুনা সদর থানায় সাবেক কাউন্সিলর হুমায়ুন কবিরকে আসামি করে মামলা করেছেন।
বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা জানান, বিদ্যুতের বিল বকেয়া থাকায় বুধবার বেলা সাড়ে ১১টার দিকে লাইনম্যান ইদ্রিস আলী ও জাহাঙ্গীর হোসেনকে নিয়ে ওজোপাডিকোর বরগুনা কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মহিউদ্দীন আহম্মেদ জেলা শহরের কলেজ শাখা সড়কে হুমায়ুন কবির ও তাঁর পার্শ্ববর্তী অপর এক গ্রাহকের বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করতে যান। এ সময় হুমায়ুন কবির তাঁদের বাধা ও মারধরের হুমকি দিলে তাঁরা সংযোগ বিচ্ছিন্ন না করেই চলে আসেন।
পরে দুপুর ১২টা দিকে হুমায়ুন কবির ওজোপাডিকো বরগুনার নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে যান। এ সময় নির্বাহী প্রকৌশলী বিল না দিলে সংযোগ বিচ্ছিন্ন করা হবে জানালে তিনি নির্বাহী প্রকৌশলীকে কিল-ঘুষি মারতে থাকেন। পরে কার্যালয়ের অন্য কর্মকর্তা-কর্মচারীরা এসে তাঁকে উদ্ধার করেন।
অভিযোগ অস্বীকার করে হুমায়ুন কবির বলেন, নির্বাহী প্রকৌশলীর সঙ্গে তাঁর সামান্য বাগিবতণ্ডা হয়েছে। মারামারির কোনো ঘটনা ঘটেনি।
বরগুনা থানার ওসি আজম খান ফারুকী বলেন, এ ঘটনায় নির্বাহী প্রকৌশলীর লিখিত অভিযোগটি মামলা হিসেবে নেওয়া হয়েছে।