সাবেক কাস্টমস কর্মকর্তার কারাদণ্ড
সম্পদের তথ্য গোপন ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতির মামলায় সাবেক এক কাস্টমস কর্মকর্তাকে সাত বছরের কারাদণ্ড, ১ কোটি ৯৪ লাখ ৪২ হাজার ৪৩৭ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেন আদালত।
দণ্ডপ্রাপ্ত শেখ আকরাম হোসেন কাস্টমস এক্সাইজ অ্যান্ড ভ্যাট, টেকনাফের সাবেক তত্ত্বাবধায়ক। আসামির উপস্থিতিতে গতকাল বুধবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মীর রুহুল আমিন এ রায় দেন।
দুদকের আইনজীবী মাহমুদুল হক প্রথম আলোকে বলেন, ৯২ লাখ ১১ হাজার ১৫ টাকার সম্পদের তথ্য গোপন এবং ১ কোটি ৯৪ লাখ ৪২ হাজার ৪৩৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক কাস্টমস কর্মকর্তা শেখ আকরাম হোসেনের বিরুদ্ধে ২০১১ সালের ১৬ অক্টোবর নগরের ডবলমুরিং থানায় মামলা করেন দুদকের উপপরিচালক সৈয়দ ইকবাল হোসেন। সাতজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত কাস্টমস কর্মকর্তাকে সাত বছরের কারাদণ্ড, ১ কোটি ৯৪ লাখ ৪২ হাজার ৪৩৭ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেন। রায় ঘোষণার পর আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।