সাবেক কাস্টমস কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা
সম্পদ বিবরণীতে মিথ্যা তথ্য দেওয়ার দায়ে কাস্টমসের এক সাবেক কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম নগরের হালিশহর থানায় দুদক চট্টগ্রামের উপসহকারী পরিচালক এইচ এম আখতারুজ্জামান বাদী হয়ে এ মামলা দায়ের করেন। কাস্টমসের এই সাবেক কর্মকর্তার নাম আবদুর রব ভূঁইয়া। তিনি কাস্টমসের তত্ত্বাবধায়ক ছিলেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ২০০০ সালের ৮ জুন আবদুর রব ভূঁইয়াকে সম্পদ বিবরণীর নোটিশ দিয়েছিল তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো। নোটিশের জবাবে ওই বছরের ২৯ আগস্ট তিনি সম্পদ বিবরণী দাখিল করেন। সম্পদ বিবরণীতে আবদুর রব হালিশহর হাউজিং এস্টেটের জি ব্লকে অবস্থিত তাঁর দেড়তলা বাড়িটির মূল্য দেখান সাড়ে ১১ লাখ টাকা। অথচ বাড়িটির প্রকৃত মূল্য ২০ লাখ ৬৫ হাজার ৪৪৭ টাকা।
মামলার বাদী আখতারুজ্জামান জানান, সম্পদ বিবরণীতে আবদুর রব নয় লাখ ১৫ হাজার ৪৪৭ টাকার তথ্য গোপন করেছেন। এ কারণে দুদক আইন, ২০০৪ এর ২৬(২) ধারায় তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে।