সাবেক গভর্নর আতিউরের বাসায় সিআইডির কর্তারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিজার্ভের অর্থ চুরি
রিজার্ভের অর্থ চুরি

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলার বিষয়ে কথা বলতে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমানের ধানমন্ডির বাসভবনে গিয়েছিল পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল। তাঁরা প্রায় দেড় ঘণ্টা ধরে সাবেক গভর্নরকে জিজ্ঞাসাবাদ করেন।
জিজ্ঞাসাবাদের ব্যাপারে জানতে চাইলে আতিউর রহমান প্রথম আলোকে বলেন, ‘এ ব্যাপারে আমি কিছুই বলব না। যদি কিছু বলার থাকে সেটা সিআইডি বলতে পারে।’
সূত্র জানায়, গতকাল সোমবার সকাল ১০টায় সিআইডির কর্মকর্তারা আতিউর রহমানের বাসায় যান। তাঁরা সেখানে সাড়ে ১১টা পর্যন্ত অবস্থান করেন। এ সময় সিআইডির দলটি রিজার্ভ চুরির ঘটনার পর গভর্নরের নেওয়া বিভিন্ন পদক্ষেপ সম্পর্ক জানতে চান। সাবেক গভর্নর সিআইডির বেশ কয়েকটি প্রশ্নের উত্তর দেন। সিআইডির পক্ষ থেকে বলা হয়, আতিউর রহমানের সঙ্গে রিজার্ভ চুরির মামলা সম্পর্কে আলোচনা করতেই তাঁরা গিয়েছিলেন। সিআইডির চার সদস্যের দলটির নেতৃত্ব দেন অতিরিক্ত ডিআইজি শাহ আলম। এ ছাড়া মামলার তদন্তকারী কর্মকর্তা এ সময় উপস্থিত ছিলেন।
জানতে চাইলে সিআইডির বিশেষ পুলিশ সুপার মোল্যা নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, রিজার্ভ চুরির মামলার বিষয়ে আলোচনা করতেই সিআইডির দলটি আতিউর রহমানের বাসভবনে গিয়েছিল। দলে সিআইডির চারজন কর্মকর্তা ছিলেন।

চলতি বছরের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে (নিউইয়র্ক ফেড) রক্ষিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের হিসাব থেকে ১০ কোটি ১০ লাখ মার্কিন ডলার চুরির ঘটনা ঘটে। ওই সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নরের দায়িত্বে ছিলেন আতিউর রহমান। পরে পদত্যাগ করেন তিনি।

রিজার্ভের চুরি হওয়া ১০ কোটি ১০ লাখ মার্কিন ডলারের মধ্যে ২ কোটি ডলার চলে যায় শ্রীলঙ্কায়। আর বাকি ৮ কোটি ১০ লাখ ডলার ফিলিপাইনে। শ্রীলঙ্কায় যাওয়া ২ কোটি ডলার ফেরত পাওয়া গেছে বলে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে। ফিলিপাইনে যাওয়া অর্থের মধ্যে ১ কোটি ৫২ লাখ ডলারও ফেরত পাওয়া গেছে। বাকি অর্থ ফেরত পাওয়ার প্রক্রিয়া চলছে।