সাবেক চার মন্ত্রীসহ আটজনের আপিল আবার শুনানি হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতির মামলায় বিএনপি-জামায়াত জোট সরকারের আমলের চার মন্ত্রীসহ আটজনকে খালাস দিয়ে হাইকোর্টের দেওয়া রায় বাতিল করেছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সর্বোচ্চ আদালতের ওই রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে ওই আটজন যে আবেদন করেছিলেন, গতকাল বুধবার সেগুলোও খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ গতকাল এ আদেশ দেন। পরে দুর্নীতি দমন কমিশনের আইনজীবী খুরশীদ আলম খান প্রথম আলোকে বলেন, এর ফলে নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে ওই আটজনের আপিল আবার হাইকোর্টে শুনানি হবে।
ওই আটজন হলেন সাবেক যোগাযোগমন্ত্রী নাজমুল হুদা ও তাঁর স্ত্রী সিগমা হুদা, সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু, সাবেক বিমান প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাছিরউদ্দিন ও তাঁর ছেলে মীর হেলালউদ্দিন, সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা আমান উল্লাহ আমান ও তাঁর স্ত্রী সাবেরা আমান এবং সাবেক সাংসদ মঞ্জুরুল আহসান মুন্সী।
প্রায় আড়াই কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগে সাবেক বিএনপি নেতা ও যোগাযোগমন্ত্রী নাজমুল হুদা ও তাঁর স্ত্রী সিগমা হুদার বিরুদ্ধে ২০০৭ সালে মামলা করে দুদক। ওই বছরই বিশেষ জজ আদালত নাজমুল হুদাকে সাত বছরের কারাদণ্ড এবং আড়াই কোটি টাকা জরিমানা করেন। সিগমা হুদাকে দেওয়া হয় তিন বছরের কারাদণ্ড। ২০১১ সালে তাঁরা হাইকোর্ট থেকে খালাস পান।
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে বিএনপির বিগত কমিটির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ ও তাঁর স্ত্রী সাবেরা আমানের বিরুদ্ধে ২০০৭ সালে মামলা করে দুদক। ওই বছর বিশেষ জজ আদালত আমানকে ১০ বছর ও সাবেরাকে তিন বছরের কারাদণ্ড দেন। ২০১০ সালে হাইকোর্ট থেকে তাঁরা খালাস পান।
অবৈধভাবে সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মীর নাছির ও তাঁর ছেলে মীর হেলালের বিরুদ্ধে ২০০৭ সালে মামলা করে দুদক। ওই বছরই বিশেষ জজ আদালত মীর নাছিরকে ১৩ বছর এবং মীর হেলালকে তিন বছরের কারাদণ্ড দেন। ২০১০ সালে হাইকোর্ট দুজনের সাজা বাতিল করেন।
প্রায় পাঁচ কোটি টাকার সম্পদের হিসাব গোপন করার অভিযোগে ২০০৭ সালে ইকবাল হাসান মাহমুদ টুকুর বিরুদ্ধে মামলা করে দুদক। ওই বছরই বিশেষ জজ আদালত এই মামলায় টুকুকে নয় বছরের কারাদণ্ড দেন। এই রায়ের বিরুদ্ধে আপিল করলে ২০১১ সালে হাইকোর্ট তাঁকে খালাস দেন।
সাড়ে ছয় কোটি টাকার সম্পদ অবৈধভাবে অর্জনের অভিযোগে মঞ্জুরুল আহসান মুন্সী, তাঁর স্ত্রী ও দুই ছেলের বিরুদ্ধে ২০০৭ সালে মামলা করে দুদক। ওই বছরের ১০ অক্টোবর বিশেষ জজ আদালত মঞ্জুরুল আহসানকে ১৩ বছরের কারাদণ্ড দেন। তবে তাঁর স্ত্রী ও ছেলেদের খালাস দেওয়া হয়। পরে বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করলে হাইকোর্ট এই বিএনপি নেতাকে খালাস দেন।