সাবেক চার মেয়রকে সমর্থন ১৪ দলের
চার সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল সমর্থিত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। তবে সবগুলো সিটিতে ১৪ দল একক প্রার্থী দিতে পারেনি।আগামী ১৫ জুন রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।১৪ দল সমর্থিত প্রার্থীরা সবাই সর্বশেষ নির্বাচনে বিজয়ী হয়ে মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন। আবার নির্বাচন করার জন্য তাঁরা মেয়র পদ থেকে পদত্যাগ করেছেন। সমর্থিত প্রার্থীদের মধ্যে রাজশাহীতে মো. খায়রুজ্জামান, বরিশালে শওকত হোসেন, সিলেটে বদরউদ্দিন আহমদ কামরান ও খুলনায় তালুকদার আবদুল খালেক মেয়র পদে নির্বাচন করবেন।গতকাল রোববার ধানমন্ডিতে আওয়ামী লীগের দলীয় প্রধানের কার্যালয়ে অনুষ্ঠিত ১৪ দলের সভায় এই চারজনকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম এ সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, নির্বাচনে নিজেদের প্রার্থীকে বিজয়ী করতে একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে ১৪ দল।রাজশাহী, সিলেট ও খুলনায় ১৪ দলের একজন করেই প্রার্থী আছে। তবে বরিশালে মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান প্রার্থী হওয়ায় সেখানে আওয়ামী লীগের দুজন প্রার্থী মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর খুলনায় আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের শরিক জাতীয় পার্টির একজন প্রার্থী আছেন।এদিকে নবগঠিত গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ১৪ দলের একক প্রার্থী হিসেবে লড়বেন আজমত উল্লাহ খান। গাজীপুর সিটির নির্বাচন হবে ৬ জুলাই।