সাবেক চেয়ারম্যানসহ তিন কর্মকর্তার বিরুদ্ধে দুদকের তিন মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিনা দরপত্রে মার্কেট নির্মাণ, নিয়োগে অনিয়ম ও ক্ষতিগ্রস্ত সেজে অবৈধ উপায়ে প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) সাবেক চেয়ারম্যানসহ তিনজন কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত রোববার দুদকের রাজশাহী কার্যালয়ের সাবেক উপপরিচালক আবদুল করিম (বর্তমানে পাবনা জেলায় কর্মরত) বাদী হয়ে নগরের শাহমখদুম থানায় তিনটি মামলা করেন। তিনটি মামলাতেই আরডিএর সাবেক চেয়ারম্যান আবদুল মান্নান (অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব) ও আরডিএর সাবেক প্রধান হিসাবরক্ষক ও বর্তমান অর্থ উপদেষ্টা আবদুর রব জোয়ার্দারকে এবং দুটি মামলায় সাবেক ভূমি কর্মকর্তা আবু বকর সিদ্দিককে আসামি করা হয়েছে। আবদুল মান্নান ২০০৩ সালের ১৭ ডিসেম্বর থেকে ২০০৪ সালের ২৭ সেপ্টেম্বর পর্যন্ত আরডিএর চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। এ সময়ের মধ্যে ওই অনিয়ম করা হয়। এজাহার সূত্রে জানা গেছে, আরডিএর চন্দ্রিমা আবাসিক এলাকায় ক্ষতিগ্রস্তদের মধ্যে বরাদ্দের জন্য ৮৯টি প্লট তৈরি করা হয়। এগুলোর ৭১টি প্লট ক্ষতিগ্রস্তদের বরাদ্দ দেওয়া হয়। আরডিএর চেয়ারম্যান, কর্মকর্তা, কর্মচারী ও বেসরকারি সদস্যরা ক্ষতিগ্রস্ত না হওয়া সত্ত্বেও বিধিবহির্ভূতভাবে অন্য ১৮টি প্লট অধিগ্রহণ মূল্যে বরাদ্দ নেন। নিয়ম অনুযায়ী ওই আবাসিক এলাকায় ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তরাই শুধু প্লট বরাদ্দ পাওয়ার কথা। এজাহারে বলা হয়, কোনো নিয়মনীতির তোয়াক্কা না করে সম্পূর্ণ অস ৎ উদ্দেশ্যে নিজেদের দায়িত্ব ও ক্ষমতার অপব্যবহার করে আরডিএর চেয়ারম্যান নিজে লাভবান হয়েছেন এবং অন্যদের লাভবান করেছেন। চেয়ারম্যানকে বাধা না দিয়ে সহযোগিতা দেওয়ার জন্য আবদুর রব জোয়ার্দার এবং বরাদ্দপত্রে স্বাক্ষর করে ও নিজে একটি প্লট নিয়ে আবু বকর সিদ্দিক অপরাধ করেছেন। নগরের সাহেব বাজার এলাকায় আরডিএর নিয়ন্ত্রণাধীন ও আয়ত্তাধীন মার্কেটটি বিধিবহির্ভূতভাবে বিনা দরপত্রে নির্মাণের অভিযোগে ত ৎ কালীন চেয়ারম্যান আবদুল মান্নান, কর্মকর্তা আবদুর রব জোয়ার্দার ও আবু বকর সিদ্দিকের বিরুদ্ধে মামলা করা হয়। এজাহারে বলা হয়েছে, দরপত্র আহ্বান না করে ব্যবসায়ীদের সঙ্গে মার্কেট নির্মাণের চুক্তি করে ত ৎ কালীন চেয়ারম্যান আরডিএর স্বার্থের পরিপন্থী কাজ করেছেন। এটি ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা শাস্তিযোগ্য অপরাধ। প্রধান হিসাবরক্ষক বিধি অনুযায়ী কাজ করার পরামর্শ না দিয়ে আর্থিক দৈন্যের কথা উল্লেখ করে তাঁদের পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে দিয়ে মার্কেট নির্মাণের কাজ করান এবং ভূমি কর্মকর্তা এ অবৈধ চুক্তিপত্রে স্বাক্ষর করে চেয়ারম্যানকে সহযোগিতা দিয়ে দণ্ডবিধির ১০৯ ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন। নিয়োগ বিজ্ঞপ্তির শর্ত ভঙ্গ করে ও ক্ষমতার অপব্যবহার করে লিখিত পরীক্ষা গ্রহণ না করে বা কোনো কোনো ক্ষেত্রে লিখিত পরীক্ষার ফলাফল বাতিল করে মৌখিক পরীক্ষার ভিত্তিতে পূর্বানুমোদন ছাড়াই বয়সোত্তীর্ণ পছন্দের লোককে নিয়োগ দেওয়ার অভিযোগে ত ৎ কালীন চেয়ারম্যান আবদুল মান্নান ও প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা আবদুর রব জোয়ার্দারকে আসামি করে আরেকটি মামলা করা হয়।এজাহারে বলা হয়, ২০০৪ সালের ১৭ সেপ্টেম্বর উপসহকারী প্রকৌশলী, নিম্নমানসহকারী কাম মুদ্রাক্ষরিক/কম্পিউটার অপারেটর, নকশাকার ও সার্ভেয়ার পদে লিখিত পরীক্ষা হয়। ১৯ সেপ্টেম্বর উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষায় উপস্থিত হওয়ার জন্য জানানো হয়। ওই দিনই আবার অনিবার্য কারণবশত লিখিত পরীক্ষার ফলাফল বাতিল করা হয়। পরে উত্তীর্ণ-অনুত্তীর্ণ বিবেচনা না করে লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারী সব প্রার্থীকে ২১ সেপ্টেম্বর মৌখিক পরীক্ষার জন্য ডাকা হয়। এতে সহকারী প্রকৌশলী পদে লিখিত পরীক্ষায় অকৃতকার্য প্রার্থী শেখ কামরুজ্জামানকে নিয়োগ দেওয়া হয়। বিভিন্ন পদে আরও ১০ জন বয়সোত্তীর্ণ প্রার্থীকে নিয়োগ দেওয়া হয়। অবৈধ নিয়োগের সত্যতা নিশ্চিত করে আবদুর রব জোয়ার্দার গতকাল প্রথম আলোকে বলেন, অবৈধভাবে নিয়োগের ব্যাপারে আপত্তি করে তিনি চেয়ারম্যানকে জানিয়েছিলেন। প্লট বরাদ্দের ব্যাপারে তিনি বলেন, তিনবার বিজ্ঞপ্তি দেওয়ার পরও ক্ষতিগ্রস্তরা প্লট নিচ্ছিল না। পরে সেগুলো কর্মকর্তা, কর্মচারী ও বেসরকারি কর্মকর্তাদের বরাদ্দ দেওয়া হয়।অন্য দুজন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।দেরিতে মামলা করার ব্যাপারে মামলার বাদী আবদুল করিম গতকাল সোমবার বিকেলে প্রথম আলোকে বলেন, এ ব্যাপারে তথ্য পেতে ও অনুসন্ধান করতে সময় লেগেছে। তিনি বলেন, ফৌজদারি মামলার ক্ষেত্রে আসামিরা অবসরে গেলেও সমস্যা হয় না। এখন দুদকের বিভাগীয় কার্যালয়ের (বগুড়া) মাধ্যমে ঢাকায় প্রধান কার্যালয়ে পাঠানো হবে। সেখান থেকে তদন্ত কর্মকর্তা নির্ধারণ করে দেওয়া হবে।