নরসিংদীর রায়পুরা উপজেলার চুর সুবুদ্ধি ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আবদুল মোমেন মিয়ার আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল করেছে জেলা প্রশাসন। উপজেলার আবদুল্লাপুর উচ্চবিদ্যালয়ে তাঁর লাইসেন্স করা শটগান দিয়ে এলোপাতাড়ি গুলি করার মামলায় মোমেন মিয়া বর্তমানে কারাগারে আছেন। ৭ মে এই ইউপিতে অনুষ্ঠিত নির্বাচনে তিনি পরাজিত হন।
মামলার এজাহার ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, মোমেন মিয়া প্রতিদ্বন্দ্বী প্রার্থীর লোকজনকে হুমকি দিয়ে আসছিলেন। এরই ধারাবাহিকতায় নির্বাচনের দিন আওয়ামী লীগের প্রার্থী মো. নাসির উদ্দিনের সমর্থক চর সুবুদ্ধি বাটখলা এলাকার মতিউর রহমানের বাড়ি ভাঙচুর ও লুটপাট করেন। এ সময় তিনি ও তাঁর লোকজন বোমা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। এ ঘটনায় মতিউর রহমানের আত্মীয় মো. শামসুল আলম রায়পুরা থানায় মোমেন মিয়াকে প্রধান আসামি করে মামলা করেন। একই দিন আওয়ামী লীগের প্রার্থীর ছেলে সোহাগ মিয়াকে পিটিয়ে আহত করা হয়। এ ঘটনায় সোহাগের ছোট ভাই সুমন মিয়া মোমেন মিয়াকে প্রধান আসামি করে মামলা করেন। ১০ মে মোমেন মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ।
চেয়ারম্যান থাকা অবস্থায় গত ১৯ মার্চ সভাপতির পদ না পাওয়ায় মোমেন মিয়া আবদুল্লাহপুর উচ্চবিদ্যালয়ে অরাজকতা চালান। তাঁর লোকজন বিদ্যালয়ের পার্শ্ববর্তী বাড়ির বাসিন্দা ইউপি সদস্য নাজিম উদ্দিনকে কুপিয়ে জখম করে। এলোপাতাড়ি হামলায় তিন ছাত্র আহত হয়। এ সময় মোমেন মিয়া বিদ্যালয়ের বারান্দায় দাঁড়িয়ে তিনটি ফাঁকা গুলি করেন। এ ঘটনায় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কামাল উদ্দিন খন্দকার বাদী হয়ে মোমেন মিয়াকে প্রধান আসামি করে একটি মামলা করেন। ওই দিনই মোমেন মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় তিনি ১৯ দিন কারাভোগ করেন।
এদিকে ইউএনও তদন্তের ভিত্তিতে গত ৪ এপ্রিল মোমেন মিয়ার আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল করেন জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামান।
ইউএনও আবদুল মতিন বলেন, ‘মোমেন মিয়া উগ্র মেজাজের লোক। তাঁর আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল না করলে কারণে-অকারণে অস্ত্র হতে গুলি ছুড়ে মানুষের জানমালের ব্যাপক ক্ষতি করতে পারেন। তাই জেলা প্রশাসক তাঁর আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল করেছেন।’