সাবেক চেয়ারম্যানের বাড়িতে হামলা
নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেনের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। আধিপত্য বিস্তার নিয়ে গত রোববার পার্শ্ববর্তী চাঁচুড়ি ইউপির চেয়ারম্যান লুৎফর রহমানের নেতৃত্বে ওই হামলা চালানো হয় বলে অভিযোগ পাওয়া গেছে।প্রত্যক্ষদর্শী, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে ওই দুই ব্যক্তির মধ্যে বিরোধ চলে আসছিল। এর জের ধরে গত শনিবার সন্ধ্যায় সুমেরুখোলা গ্রামে একটি সালিস বৈঠকে চাঁচুড়ি ইউপির চেয়ারম্যান লুৎফর রহমানের সঙ্গে বিল্লাল হোসেনের ছোট ভাই তসলিমের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে এলাকাবাসী তাঁদের নিবৃত্ত করেন। এরই জের ধরে রোববার সকালে চেয়ারম্যান লুৎফর রহমান তাঁর লোকজন নিয়ে বিল্লাল হোসেনের বাড়িতে হামলা চালান। এ সময় ব্যাপক ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। হামলাকারীদের বাধা দিতে গিয়ে ১৫ জন আহত হয়।বিল্লাল হোসেন বলেন, তাঁর তিনটি ঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে তাঁর প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।ভাঙচুরের অভিযোগ অস্বীকার করে চাঁচুড়ি ইউপির চেয়ারম্যান লুৎফর রহমান বলেন, ‘বিল্লাল হোসেনের আত্মীয়স্বজন এলাকার সংখ্যালঘুদের ওপর নানা ধরনের অত্যাচার-নির্যাতন চালিয়ে আসছিল। এর প্রতিবাদ করতে গেলে শনিবার সন্ধ্যায় বিল্লালের ভাই তসলিমের সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সে আমাকে অপমান-অপদস্ত করে। এলাকার মানুষ তাদের অত্যাচারের উচিত শিক্ষা দিয়েছে।’গতকাল সোমবার কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুবাস কুমার বলেন, উত্তেজনা বিরাজ করায় এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।