বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীকে ফিরিয়ে দেওয়ার দাবিতে ২৫ এপ্রিল কেন্দ্রীয় শহীদ মিনারে গণজমায়েত করবে নব্বইয়ের দশকের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ছাত্রনেতারা।গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবে ইলিয়াস আলীকে ফিরিয়ে দেওয়ার দাবিতে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়। সাবেক এই ছাত্রনেতারা ইলিয়াসের গাড়িচালক আনসার আলীর সন্ধানও দাবি করেন। সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব আমানউল্লাহ বলেন, ইলিয়াস আলীকে সরকারই গুম করেছে। টিপাইমুখ বাঁধ নির্মাণ ও সীমান্তে আগ্রাসনের বিরুদ্ধে সিলেট অঞ্চলে ইলিয়াস আলীর নেতৃত্বে আন্দোলন গড়ে উঠেছে। যারা ভারতকে টিপাইমুখ বাঁধ করতে দিতে চায়, তাদের ইঙ্গিতেই ইলিয়াস আলীকে গুম করা হয়েছে। একটি বিদেশি পক্ষ বিরোধী মত, পথ ও আন্দোলনকে নিঃশেষ করে দিতে এমনটা ঘটাচ্ছে। সংবাদ সম্মেলনে সাবেক ছাত্রনেতা রুহুল কবির রিজভী, খায়রুল কবির, ফজলুল হক, শামসুজ্জামান, শহীদ উদ্দিন চৌধুরী, আসাদুজ্জামান রিপন, নাজিমুদ্দিন আলম, শিরিন সুলতানা, হাবিব উন নবী খানসহ শতাধিক সাবেক ছাত্রনেতা উপস্থিত ছিলেন। গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে স্বাধীনতা ফোরামের মানববন্ধনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার বলেন, ইলিয়াস আলীকে গুম করার দায়ে প্রধানমন্ত্রীসহ এই সরকারের সংশ্লিষ্টদের বিচার করা হবে। একই স্থানে সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত মানববন্ধনে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায় অভিযোগ করেছেন, প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানেই ইলিয়াস আলীকে গুম করা হয়েছে। পেশাজীবী পরিষদের নির্বাহী সদস্য রিয়াজুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস, যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন, বিএনপির সাংসদ নিলুফার চৌধুরী, এলডিপির যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন প্রমুখ। এ ছাড়া ইলিয়াস আলী নিখোঁজের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছে বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), ন্যাপ (ভাসানী), বাংলাদেশ ন্যাপ, জালালী পার্টি, জাতীয় শ্রমিক আন্দোলন।