সাবেক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের অভয়নগর উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য আরিফুল ইসলাম ওরফে নিশানকে (৩৫) কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা৷ গতকাল রোববার রাত ১০টার দিকে উপজেলার মোয়াল্লেমতলা গ্রামে এ ঘটনা ঘটে৷
উপজেলার মোয়াল্লেমতলা গ্রামের সুজাউল হকের ছেলে আরিফুল রাষ্ট্রায়ত্ত পাটকল যশোর জুট ইন্ডাস্ট্রিজের (জেজেআই) বদলি শ্রমিক হিসেবে কাজ করতেন৷
এলাকাবাসী ও পুলিশ জানায়, আরিফুল রাত ১০টার দিকে যশোর জুট ইন্ডাস্ট্রিজ থেকে মোয়াল্লেমতলা গ্রামের বাড়িতে ফিরছিলেন৷ গ্রামের একটি বাড়ির সামনে পৌঁছালে সন্ত্রাসীরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে চলে যায়৷ এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়৷ পরে পুলিশ এসে তাঁর লাশ উদ্ধার করে৷
অভয়নগর থানার ওসি মোল্যা খবীর আহমেদ বলেন, সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে আরিফুল নিহত হয়েছেন৷ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের আটকের চেষ্টা চলছে৷