ভারতের পশ্চিমবঙ্গের মানবাধিকার সংগঠন ‘বাঙলার মানবধিকার সুরক্ষা মঞ্চ’-এর (মাসুম) সাধারণ সম্পাদক কিরীটি রায় বলেছেন, সাবেক ছিটমহলবাসীর হাতে অবিলম্বে রেশন কার্ড এবং ভোটার কার্ড তুলে দিতে হবে। দিতে হবে তাঁদের জীবন ও জীবিকার অধিকার ও সামাজিক প্রকল্পের সুযোগ-সুবিধা।
কলকাতার একাডেমি অব ফাইন আর্টস মিলনায়তনে গতকাল রোববার বিকেলে ‘মাসুম’-এর উদ্যোগে আয়োজিত এক সেমিনারে এ কথা বলেন কিরীটি রায়। তিনি আরও বলেন, ভারতে আসা সাবেক ছিটমহলবাসীর মধ্যে যাঁদের নাম জনগণনায় বাদ পড়েছে, তাদের নাম অন্তর্ভুক্ত করতে হবে। দিতে হবে নাগরিকত্বের সনদপত্র। বন্ধ করতে হবে তাদের ওপর বিএসএফ-পুলিশের নির্যাতন।
কিরীটি রায় বলেন, আগত ব্যক্তিদের অস্থায়ীভাবে যে টিনের ঘর দেওয়া হযেছে, তা বড় পরিবারের জন্য অপর্যাপ্ত। বসবাস করা কঠিন। পাশাপাশি ছোট ও বড় পরিবারকে একই পরিমাণ রেশন দেওয়ায় বড় পরিবারের সদস্যরা ইতিমধ্যেই ক্ষুব্ধ হয়েছে।
বাংলাদেশের ভূখণ্ডে থাকা ভারতের সাবেক ছিটমহল কুড়িগ্রামের ছোট কামাদর কাছুয়া বর্মণ বলেন, ‘কত আশা নিয়ে ভারতে এসেছিলাম, সেই আশা পূর্ণ হবে কি না জানি না। তবে সেই আশা নিয়ে এখনো আমরা ভারত সরকারের অস্থায়ীভাবে দেওয়া টিনের ঘরে বাস করে যাচ্ছি। ভারতে আসার পর প্রথম সাত দিন আমাদের দারুণভাবে আদর-আপ্যায়ন করা হয়েছিল। আসার আগে আমাদের স্বপ্ন দেখিয়েছিল, আমরা পাঁচ লাখ করে নগদ অর্থ পাব। কিন্তু এখনো জোটেনি সেই অর্থ।’
অনুষ্ঠানে সাবেক ছিটমহল নলগ্রামের বাসিন্দা দেবীচরণ অধিকারী বলেন, ‘আমরা ভারতীয় হয়েছি। ভোটার কার্ড, নাগরিকত্ব সনদসহ অন্যান্য নাগরিক সুবিধা চাই।’
সেমিনারে আরও বক্তব্য দেন অধ্যাপক পলা ব্যানার্জি, অধ্যাপক শিবাজি প্রতীম বসু, মাসুমের তিলক বর্মণ প্রমুখ।
ভারতের বিভিন্ন কারাগারে খালাসপ্রাপ্ত বাংলাদেশি বন্দীদের মানবেতর জীবন নিয়েও আলোচনা হয় সেমিনারে। কিরীটি রায় দাবি করেন, এটা অমানবিক এবং অসাংবিধানিক। অবিলম্বে খালাসপ্রাপ্ত বাংলাদেশি বন্দীরা যাতে বাংলাদেশে ফিরে যেতে পারে, তার ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান তিনি।
অনুষ্ঠানের এক ফাঁকে কিরীটি রায় প্রথম আলোকে বলেন, ‘ফেলানী হত্যা মামলাটি এখন ভারতের সুপ্রিম কোর্টে শুনানির জন্য রয়েছে। আমরা আশা করি, এই মামলার যে মেরিট তাতে আমরাই জিতব।’