
সাবেক ১১১টি ছিটমহলের বাসিন্দাদের ভূমিসংক্রান্ত ও অন্যান্য জটিলতা দূর করতে বিশেষ আইন, বিধি প্রণয়ন করা উচিত বলে মনে করেন বিশিষ্টজনেরা। তাঁরা মনে করেন, এ জন্য বিশেষ ভূমি ট্রাইব্যুনাল গঠনও জরুরি।
গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন মত দিয়েছেন বিশিষ্টজনেরা। আইন ও সালিশ কেন্দ্র (আসক), অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি) ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ‘সাবেক ছিটমহলবাসীদের ভূমি বঞ্চনার আশঙ্কা ও করণীয়’ শীর্ষক সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সংগঠন তিনটির সমন্বয়ে গঠিত একটি অনুসন্ধান দলের সংগৃহীত তথ্যের আলোকে পাঁচটি বিলুপ্ত ছিটমহলের সাধারণ মানুষের ভূমি সমস্যার ওপর তৈরি একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদন তৈরি করা হয়েেছ। সংবাদ সম্মেলনে তসেই প্রতিবেদন তুলে ধরেন এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা। অনুসন্ধান দলটি দাসিয়ারছড়া, বাঁশকাটা, বালাপাড়া খাগড়াবাড়ী, দহলা খাগড়াবাড়ী ও কোটভাজনি থেকে তথ্য সংগ্রহ করে প্রতিবেদন তৈরি করে।
প্রতিবেদনের পর্যবেক্ষণে বলা হয়েছে, সাবেক ছিটমহলগুলো দীর্ঘদিন রাষ্ট্রীয় ভূমি ব্যবস্থাপনার আওতার বাইরে থাকায় সেখানকার ভূমি সমস্যা ও বিরোধের প্রকৃতি অপেক্ষাকৃত জটিল। অধিকাংশেরই জমির দলিলপত্র নেই। এসব বাস্তবতা বিবেচনায় না রেখে প্রচলিত রীতি অনুযায়ী জরিপ করলে অনেকেই ভূমি হারাতে পারেন এমন আশঙ্কা রয়েছে। সে কারণে ছিটমহলবাসীদের আইনি সুরক্ষা প্রয়োজন।
সংবাদ সম্মেলনে আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল বলেন, ছিটমহলবাসীদের ভূমি সমস্যা নিরসনে প্রথাগত ভূমি ব্যবস্থাপনার চিন্তা করলে চলবে না। সেখানকার সমস্যাগুলো মাথায় রেখেই পরিকল্পনা নিতে হবে। জটিল অবস্থা সমাধানের লক্ষ্যে জমিসংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্য বিশেষ ভূমি ট্রাইব্যুনাল গঠনের উদ্যোগ নিতে হবে সরকারকে। পাশাপাশি গণশুমারিতে বাদ পড়ে যাওয়াদের জমি তাঁদের নামে রেকর্ডভুক্ত করার উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন তিনি। এ ছাড়া ছিটমহলবাসীর জমি অবৈধ দখলদারদের হাত থেকে রক্ষা করার কথাও তুলে ধরেন সুলতানা কামাল।
টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, টিআইবির অনেক জরিপেই দেখা গেছে, ভূমি-সংক্রান্ত বিভাগগুলো বেশি দুর্নীতিগ্রস্ত। সম্প্রতি সাবেক ছিটমহলের মানুষদের জমি-সংক্রান্ত জটিলতা দেখা যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, সেখানে ভূমি খাত নিয়ে যাতে দুর্নীতি হতে না পারে, সে জন্য প্রতিকারমূলক ব্যবস্থা নিতে হবে। সেখানকার মানুষদের আইনি সুরক্ষা দিতে হবে।
ছিটমহলের বাসিন্দারা ভূমির মৌলিক অধিকার থেকে যাতে বঞ্চিত না হয়, সে জন্য অতি দ্রুত আইন করা সম্ভব না হলেও অধ্যাদেশের মাধ্যমে হলেও বিশেষ বিধি প্রণয়ন করা যেতে পারে বলে মনে করেন ইফতেখারুজ্জামান।
প্রতিবেদনে আরও যেসব সুপারিশ তুলে ধরা হয়, তার মধ্যে রয়েছে—ভূমি জরিপের কাজটি ভূমি জরিপ অধিদপ্তরের অভিজ্ঞ ও দক্ষ কর্মকর্তাদের তত্ত্বাবধানে করার নিশ্চয়তা, জরিপকাজে বিশেষত মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের সময় দালাল ও প্রভাবশালীদের দৌরাত্ম্য বন্ধ এবং নিরাপত্তার স্বার্থে আইন প্রয়োগকারী সংস্থা মোতায়েন করা, জরিপকাজের সময় জনগণের সঙ্গে সংবেদনশীল আচরণ করা এবং কর্তব্যে অবহেলা, দুর্নীতি, অনিয়মের জন্য জরুরি ভিত্তিতে জবাবদিহির ব্যবস্থা করা, সংখ্যালঘু সম্প্রদায়ের সম্পত্তি এবং উপাসনালয়ের সম্পত্তি ও জমি রক্ষায় বিশেষ ব্যবস্থা গ্রহণের নিশ্চয়তা দেওয়া।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের আইনজীবী আব্রাহাম লিংকন।