সাবেক জেলা জজ ফারুককে দুদকের জিজ্ঞাসাবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক বিশেষ জেলা ও দায়রা জজ, জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের সাবেক বিচারক ফারুক আহম্মেদকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে প্রায় দুই ঘণ্টা তাঁকে জিজ্ঞাসাবাদ করেন সংস্থার উপপরিচালক মির্জা জাহিদুল আলম।

দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়।

দুদক সূত্র জানায়, দুর্নীতির আশ্রয় নিয়ে অস্বাভাবিকভাবে মামলা নিষ্পত্তি, গুরুতর অপরাধ মামলার আসামিদের বেকসুর খালাস দেওয়ার অভিযোগে তাঁর বিরুদ্ধে তদন্ত করে সুপ্রিম কোর্ট। ওই তদন্ত প্রতিবেদন অনুযায়ী ২০১৪ সালের ১২ আগস্ট ফারুক আহম্মেদের বিরুদ্ধে অনুসন্ধানে নামে দুদক। অনুসন্ধানের দায়িত্ব পান যতন কুমার রায়ের নেতৃত্বে দুই সদস্যের একটি দল। ২০১৫ সালে যতন কুমার রায় অবসরে যাওয়ার পর কিছুদিন আগে এ অভিযোগ অনুসন্ধানের দায়িত্ব পান মির্জা জাহিদুল আলম।

দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য বলেন, ফারুক আহম্মেদ ঢাকা বিশেষ দায়রা জজ ও জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক ছিলেন। অবসরে যাওয়ার আগে তিনি ৯ কোটি টাকার হেরোইন পাচারের দুটি ও সাড়ে ৩ হাজার ইয়াবা পাচারের ঘটনায় দায়ের হওয়া একটি মামলায় সাত বিদেশিসহ ১১ আসামির বিচারিক কার্যক্রম দ্রুত শেষ করে তাঁদের খালাস দেন। তিন মামলার ক্ষেত্রেই আলামত উদ্ধারের জব্দ তালিকায় উল্লেখ করা সাক্ষীদের সাক্ষ্য না নিয়েই মামলার কার্যক্রম শেষ করেন তিনি।

দুদকের এই কর্মকর্তা জানান, আরও ১৫টি চাঞ্চল্যকর চোরাচালান মামলার আসামিকেও খালাস দেওয়ার অভিযোগ রয়েছে ওই বিচারকের বিরুদ্ধে। আর এসব মামলার ক্ষেত্রে বিপুল পরিমাণ অর্থ লেনদেনের অভিযোগ রয়েছে বিচারক ফারুক আহম্মেদের বিরুদ্ধে। এর মাধ্যমে তিনি বিপুল পরিমাণ অবৈধ সম্পদের মালিক হন বলেও অভিযোগ রয়েছে।