সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী মোশাররফের বিরুদ্ধে গ্যাটকো মামলা চলবে
গ্যাটকো দুর্নীতি মামলার বৈধতা চ্যালেঞ্জ করে সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেনের করা আবেদন খারিজ করে স্থগিতাদেশ তুলে নিয়েছেন হাইকোর্ট। আদালতের রায়ের অনুলিপি পাওয়ার দুই মাসের মধ্যে তাঁকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে।
বিচারপতি ভবানী প্রসাদ সিংহ ও বিচারপতি এস এম মজিবুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল মঙ্গলবার এ রায় দেন। রায়ের পর দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী খুরশীদ আলম খান সাংবাদিকদের বলেন, স্থগিতাদেশ তুলে নেওয়ায় মোশাররফ হোসেনের বিরুদ্ধে এই মামলার কার্যক্রম চালাতে আর কোনো বাধা নেই।
২০০৭ সালের ২ সেপ্টেম্বর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১৩ জনের বিরুদ্ধে গ্যাটকো দুর্নীতি মামলা করে দুদক। ২০০৮ সালের ১৩ মে খালেদা জিয়াসহ ২৪ জনের বিরুদ্ধে এ মামলায় অভিযোগপত্র দেওয়া হয়। এতে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ঠিকাদারি প্রতিষ্ঠান গ্যাটকোকে ঢাকার কমলাপুর আইসিডি ও চট্টগ্রাম বন্দরের কনটেইনার হ্যান্ডেলিংয়ের কাজ পাইয়ে দিয়ে রাষ্ট্রের ১৪ কোটি ৫৬ লাখ টাকার ক্ষতি করেছেন।
মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন এ কে এম মোশাররফ হোসেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী প্রমুখ।
অভিযোগপত্র দাখিলের পর এই মামলার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে যান মোশাররফ হোসেন। ২০০৮ সালের ১৩ আগস্ট হাইকোর্ট তাঁর বিরুদ্ধে এই মামলার কার্যক্রম স্থগিত করে রুল দেন। ওই সময় থেকে মামলাটির কার্যক্রম স্থগিত ছিল। গতকাল মোশাররফের আবেদন খারিজ করার পাশাপাশি মামলার কার্যক্রমের ওপর থেকে স্থগিতাদেশ তুলে নেন আদালত।
একই মামলার বৈধতা চ্যালেঞ্জ করে খালেদা জিয়ার করা রিট আবেদনও গত ৫ আগস্ট খারিজ করেছেন হাইকোর্টের অপর একটি বেঞ্চ। রায়ের অনুলিপি পাওয়ার দুই মাসের মধ্যে তাঁকেও বিচারিক আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দেওয়া হয়েছে।