সাবেক ডিজিএফআই কর্মকর্তাকে জেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১ আগস্ট গ্রেনেড হামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক কর্মকর্তা সৈয়দ মনিরুল ইসলামকে (বরখাস্ত) দুই আসামিপক্ষে জেরা শেষ হয়েছে৷ গতকাল মঙ্গলবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এ তাঁকে জেরা করা হয়৷
আদালত আগামী ৩ জুন বাকি আসামিদের পক্ষে জেরার দিন ধার্য করেছেন৷ বিচারক শাহেদ নূর উদ্দিন এই তারিখ ধার্য করেন।
গত ২০ মে সৈয়দ মনিরুল ইসলাম আদালতে সাক্ষ্য দেন৷ গতকাল আসামি মাওলানা আবদুস সালাম ও শরিফ শাহরিয়ার ওরফে বিপুলের পক্ষে জেরা শেষ হয়৷ পরে আদালত পরবর্তী জেরার তারিখ ধার্য করেন৷ ঢাকা কেন্দ্রীয় কারাগারের পাশে স্থাপিত অস্থায়ী বিশেষ এজলাসে এ মামলার বিচারকাজ চলছে।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন প্রধান সরকারি কেঁৗসলি সৈয়দ রেজাউর রহমান৷ তাঁকে সহায়তা করেন আকরাম উদ্দিন৷
২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীতে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় ২২ জন নেতা-কর্মী-সমর্থক নিহত হন৷ তখনকার বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের শতাধিক নেতা-কর্মী আহত হন৷
এ মামলায় বিএনপির নেতা তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক সমাজকল্যাণমন্ত্রী আলী আহসান মুজাহিদ, সাবেক গোয়েন্দা ও পুলিশ কর্মকর্তাসহ ৫২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়৷ তাঁদের মধ্যে ১৯ জন পলাতক আছেন৷ কারাগারে আটক আসামিদের আদালতে হাজির করা হয়৷