সাবেক ডিসিকে দেওয়া দণ্ডাদেশের কার্যকারিতা স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের সাবেক জেলা প্রশাসক (ডিসি) সৈয়দ মিজানুর রহমানকে হাইকোর্টের দেওয়া এক মাসের কারাদণ্ডাদেশের কার্যকারিতা চার সপ্তাহের জন্য স্থগিত করেছেন চেম্বার বিচারপতি। তিনিসহ আরও তিনজনকে বিভিন্ন মেয়াদে দেওয়া দণ্ডাদেশের কার্যকারিতাও স্থগিত করা হয়েছে।

আজ সোমবার চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী হাইকোর্টের রায় স্থগিত চেয়ে তাঁদের করা আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

আদালতের আদেশ অমান্য করায় ২৪ এপ্রিল হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ সৈয়দ মিজানুর রহমানসহ চারজনকে দণ্ডাদেশ দেন। এটির স্থগিতাদেশ চেয়ে ওই চারজন আবেদন করেন। তাঁদের পক্ষে ছিলেন আইনজীবী আমিনুল হক ও রুহুল আমিন। হাইকোর্টে আবেদনকারীদের পক্ষে ছিলেন আইনজীবী মো. খলিলুর রহমান।

খলিলুর রহমান প্রথম আলোকে বলেন, হাইকোর্টের রায় স্থগিত চেয়ে চারজন পৃথক আবেদন করেন। চেম্বার বিচারপতি রায়ের কার্যকারিতা চার সপ্তাহের জন্য স্থগিত করেছেন।

গত বৃহস্পতিবার হাইকোর্টের একটি নিষেধাজ্ঞা আদেশ অমান্য করায় মিজানুর রহমানকে এক মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। তিনিসহ চারজনকে বিভিন্ন মেয়াদে দণ্ড দেওয়া হয়। অব্যাহতি দেওয়া হয় অপর চারজনকে।

বিচারপতি শরীফ উদ্দিন চাকলাদার ও বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

চারজনের মধ্যে ভাওয়াল রাজকোর্ট এস্টেট অব ওয়ার্ডসের সাবেক ব্যবস্থাপক আবদুর রউফকে ১৫ দিনের কারাদণ্ড ও এক কোটি টাকা জরিমানা করা হয়েছে। ভূমি সংস্কার বোর্ডের সাবেক চেয়ারম্যান মনিরুল ইসলাম, ভাওয়াল রাজকোর্ট অব ওয়ার্ডসের সহকারী ব্যবস্থাপক সাব্বির হোসেনকে পাঁচ দিন করে কারাদণ্ড দেওয়া হয়।

এ ছাড়া গাজীপুরের তত্কালীন পুলিশ সুপার আলমগীর আলম, জয়দেবপুর থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান, গাজীপুরের তত্কালীন সহকারী কমিশনার (ভূমি) মো. শাহজালাল ও আনসার অ্যাডজুডেন্ট পবিত্র কুমার সাহাকে অব্যাহতি দেওয়া হয়েছে।