শেরপুরে জনতা ব্যাংকের ভল্ট থেকে ১ কোটি ৩০ লাখ ৯৬ হাজার টাকা চুরির মামলার রায় ঘোষণা করা হয়েছে। রায়ে ব্যাংকের সাবেক তিন নিরাপত্তারক্ষীকে বেকসুর খালাস দেওয়া হয়। এ ছাড়া শুনানি চলাকালে আরেক সাবেক নিরাপত্তারক্ষী মারা যাওয়ায় তাঁকে অব্যাহতি দেওয়া হয়।
গতকাল বৃহস্পতিবার বিকেলে শেরপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম সরকার হাসান শাহরিয়ার এ রায় ঘোষণা করেন।
খালাসপ্রাপ্ত তিনজন হলেন মো. সাহেব আলী (৫৭), মো. সুলতান আহম্মেদ (৬১) ও মজিবর রহমান (৫৩)। শুনানি চলাকালে মৃত্যু হয় মো. শেখ শওকত আলীর।
আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০০৭ সালের ১৫ মার্চ গভীর রাত থেকে ১৭ মার্চ সন্ধ্যার মধ্যে কোনো একসময় শহরের মুন্সিবাজার (শহীদ বুলবুল সড়ক) এলাকায় জনতা ব্যাংক, শেরপুর শাখার ভল্ট ভেঙে কে বা কারা ১ কোটি ৩০ লাখ ৯৬ হাজার টাকা চুরি করে। এ ঘটনায় ব্যাংকের তৎকালীন ব্যবস্থাপক সিরাজউদদৌলা খান বাদী হয়ে ১৮ মার্চ ওই চার নিরাপত্তারক্ষীকে আসামি করে সদর থানায় মামলা করেন। জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) তৎকালীন উপপরিদর্শক (এসআই) বিপ্লব কুমার বিশ্বাস তদন্ত শেষে ২০০৯ সালের ১৯ নভেম্বর চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।
দীর্ঘ শুনানি ও সাক্ষ্যপ্রমাণ বিশ্লেষণ শেষে রাষ্ট্রপক্ষ সন্দেহাতীতভাবে অভিযোগ প্রমাণ করতে না পারায় আদালত গতকাল ব্যাংকের সাবেক তিন নিরাপত্তারক্ষীকে বেকসুর খালাস দেন।
রায়ে সন্তোষ প্রকাশ করে আসামিপক্ষের আইনজীবী নারায়ণ চন্দ্র হোড় প্রথম আলোকে বলেন, আসামিরা কথিত চুরির ঘটনায় আদৌ জড়িত নন। এজাহারে বর্ণিত ১ কোটি ৩০ লাখ ৯৬ হাজার টাকা ব্যাংকের কর্মকর্তারা পারস্পরিক যোগসাজশে এর আগেই ব্যাংক থেকে সরিয়ে ফেলেছিলেন। পরে ঘটনা ধামাচাপা দিতে তাঁরা ওই চার নিরাপত্তারক্ষীর নাম উল্লেখ করে মামলা করেন।
জানতে চাইলে রাষ্ট্রপক্ষের আইনজীবী ফারহানা পারভীন বলেন, ব্যাংকের আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
আদালতের পর্যবেক্ষণ: এ মামলার পর্যবেক্ষণে আদালত বলেন, যথাযথ ও সুষ্ঠু তদন্তের ক্ষেত্রে গাফিলতির পরিচয় পাওয়া গেছে। ব্যাংক কর্মকর্তাদের সংশ্লিষ্টতা-সংক্রান্ত অভিযোগ অধিকতর তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ আবশ্যক বলে আদালত বিবেচনা করেন।