২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক আবু হেনা মোহাম্মদ ইউসুফকে সাবেক তিন তদন্ত কর্মকর্তার পক্ষে জেরা অব্যাহত রয়েছে। গতকাল ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক শাহেদ নুরউদ্দিন আসামিপক্ষের জেরা শেষ না হওয়ায় ২৪ জুন পরবর্তী তারিখ ধার্য করেন। ঢাকা কেন্দ্রীয় কারাগারের পাশে স্থাপিত বিশেষ এজলাসে গতকাল এ মামলার সাবেক তিন তদন্ত কর্মকর্তা রুহুল আমিন, মুন্সী আতিকুর রহমান ও আবদুর রশিদের পক্ষে সাক্ষীকে জেরা করেন আইনজীবীরা। সিআইডির পরিদর্শক আবু হেনা মোহাম্মদ ইউসুফ গত ২৭ মে সাক্ষ্য দেন।আবু হেনা জবানবন্দিতে রমনার বটমূলে বোমা মামলায় অতিরিক্ত মহাপরিদর্শক খোদা বখশ চৌধুরীর নির্দেশে ২১ আগস্টের বিষয় বাদ দিয়ে মুফতি হান্নানের স্বীকারোক্তি আদায়ের ব্যবস্থা করার কথা বলেছেন—আইনজীবী আবদুস সোবহান তরফদার এ কথা উল্লেখ করলে আবু হেনা তা ‘সত্য’ বলে মন্তব্য করেন।জেরায় আইনজীবী মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে ব্যবহূত ডায়েরি কোথায় জিজ্ঞেস করলে আবু হেনা ডায়েরি ব্যবহার করেননি বলে দাবি করেন। ওই সময় কাকে কাকে জিজ্ঞাসাবাদ করেছেন—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মনে নেই’। মুফতি হান্নানকে গ্রেপ্তার দেখানোর কোনো আবেদন করেননি বলা হলে তিনি বলেন, ‘ইহা সত্য নয়’। তদন্ত কর্মকর্তা ফজলুল কবিরকে ১৬১ ধারায় জবানবন্দি দিয়েছেন বলা হলে আবু হেনা বলেন, ‘ফজলুল কবিরকে এই মামলার বিষয়ে অনেক কিছু বলেছি। তবে তিনি ১৬১ ধারায় নিয়েছেন কি না, আমি জানি না।’সাক্ষীকে জেরা শেষ না হওয়ায় আদালত পরবর্তী তারিখ ধার্য করেন। এ মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ভাগনে লে. কমান্ডার (অব.) সাইফুল ইসলাম ডিউক, জামায়াতে ইসলামীর নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদসহ ২৬ জনকে আদালতে হাজির করা হয়। এ মামলায় তারেক রহমানসহ ১৯ জন পলাতক রয়েছেন।